প্রণব মুখার্জির শপথ অনুষ্ঠানে মিঠুন
আজ ভারতের স্থানীয় সময় বেলা ১১টা ৩৮ মিনিটে ১৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন প্রণব মুখার্জি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রখ্যাত বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অনুষ্ঠানে যোগ দিতে গতকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই বিমানে করে দিল্লি এসেছিলেন মিঠুন। এক খবরে এমন তথ্য দিয়েছে এনডিটিভি।বিনোদ খান্না, রাজেশ খান্না কিংবা শত্রুঘ্ন সিনহার মতো কখনোই রাজনীতির মাঠে বিচরণ করেননি মিঠুন। অবশ্য অভিনয়জীবন শুরুর আগে তিনি নকশাল বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। ১৯৭৬ সালে তাঁর অভিনীত প্রথম ছবি ‘মৃগয়া’ মুক্তি পাওয়ার পর সেই জীবন থেকে সরে আসেন তিনি। নকশাল বাহিনীর পক্ষে কাজ করতে গিয়ে মিঠুনের এক ভাই মারা যাওয়ার পরই মূলত এমন সিদ্ধান্ত নেন তিনি। আশির দশকে বলিউডে ঝড় তুলেছেন মিঠুন চক্রবর্তী। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিসকো ড্যান্সার’ ছবিটি মিঠুনকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছে ‘ঘর এক মন্দির’, ‘অগ্নিপথ’, ‘জল্লাদ’ ইত্যাদি।