প্রতারণার হুমকি পেলেন বাপ্পী

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপরিচিত আইডি থেকে একের পর এক বার্তায় প্রতারণার হুমকি পাচ্ছেন চলচ্চিত্র তারকা বাপ্পী চৌধুরী। এসব বার্তায় বলা হচ্ছে, প্রেমের সম্পর্ক ‘টিকিয়ে’ না রাখলে সবকিছু ‘ফাঁস’ করে দেওয়া হবে। এমনকি বাপ্পীর ছবি দিয়ে খোলা আইডির সঙ্গে ‘অনামিকা’ ও ‘গল্পকথা’ নামে দুটি আইডির মেয়ের সঙ্গে প্রেমের কথোপকথনের স্ক্রিনশটও পাঠানো হয়েছে বাপ্পীকে। আর এসব দেখে হতবাক ঢাকাই ছবির এই নায়ক।
বাপ্পী বলেন, ‘১৫-২০ দিন ধরেই ফেসবুকের ইনবক্সে এ ধরনের প্রতারণামূলক বার্তা পাচ্ছি। আমার নাম ও ছবি দিয়ে আইডি খুলে সেই আইডি থেকে প্রেমের কথা বলা হয়েছে। সেই কথাবার্তার স্ক্রিনশট পাঠিয়ে বলা হচ্ছে, প্রেমের সম্পর্ক না রাখলে সব ফাঁস করে দেওয়া হবে।’
বাপ্পীর কথায়, একটি নকল আইডি থেকে এসব কাজ করা হয়েছে। এ ধরনের ৭৫টি ভুয়া আইডি ফেসবুকে দেখতে পেয়েছেন তিনি। শিগগিরই এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান এই নায়ক। তবে তিনি এও বলেন, ‘এর আগে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। সে সময় আমি রমনা থানায় একটি জিডি করেছিলাম। প্রায় ১৩ মাস পর আমার এক ভক্তের মাধ্যমে আইডিটি ফেরত পেয়েছি। তখনো এমন প্রতারণার কাজ হতে পারে।’
এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে? বাপ্পী বলেন, ‘কাছের কেউ আমার ক্যারিয়ারের ক্ষতি করার জন্যই এসব কাজ করছে। এটা আমি কিছুটা বুঝতে পারছি।’