প্রতি সোমবার 'ছবির হাট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছবির হাট’ নাটকের দৃশ্য
‘ছবির হাট’ নাটকের দৃশ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে যে জমজমাট ছবির হাট, তারই নানা বৈচিত্র্যময় ঘটনাকে উপজীব্য করে ‘ছবির হাট’ ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন গাজী আপেল মাহমুদ।

সপ্তাহের প্রতি সোমবার রাত আটটা ১০ মিনিটে মাই টিভিতে প্রচারিত হচ্ছে নাটকটি। এরই মধ্যে দর্শকদের কাছ থেকে নাটকটির জন্য অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলেই জানিয়েছেন ‘ছবির হাট’ নাটকের পরিচালক আপেল মাহমুদ।

নাটকটির জন্য দর্শক সাড়া কেমন পাচ্ছেন—জানতে চাইলে আপেল মাহমুদ বলেন, ‘এককথায় অভূতপূর্ব। নাটকটির প্রচার শুরু হওয়ার পর থেকে দর্শকদের ফোন, এসএমএস, ই-মেইল ও চলার পথে তাঁদের ভালোবাসায় সিক্ত হচ্ছি আমি।’

‘ছবির হাট’ নাটকের কাহিনি সম্পর্কে আপেল মাহমুদ বলেন, ‘নাটকটির কাহিনি গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছবির হাট নিয়ে। মূলত আমরা কিছু চরিত্রের মেলবন্ধন ঘটানোর চেষ্টা করেছি এই নাটকে। ছবির হাটের বাস্তব চিত্রটাও কিন্তু এমনই। প্রত্যেকে কোনো না কোনোভাবে ছবির হাটে এসে একটি সার্কেল গড়ে তোলেন। ছবির হাটে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। প্রত্যেকের জীবনের আলাদা গল্পই ছবির হাটে এসে এক হয়ে মিশে যায়। ছবির হাটকে কেন্দ্র করে নাটকের কাহিনি আবর্তিত হলেও আমরা শুধু ছবির হাটেই আবদ্ধ থাকছি না। নাটকে প্রতিটি চরিত্রের প্রাত্যহিক জীবনের আলাদা নানা ঘটনা তুলে ধরার চেষ্টা করছি।’

আপেল মাহমুদ আরও বলেন, ‘টানা চার থেকে পাঁচ বছর নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে আমাদের। এখন পর্যন্ত নাটকটির ৫২ পর্বের শুটিং সম্পন্ন হয়েছে।’

‘ছবির হাট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কণ্ঠশিল্পী ও অভিনেতা আগুন, লাক্স তারকা সানু, চৈতি, সাঈদ বাবু, শোয়েব, মৌসুমি নাগ, শম্পা, নাফা, তুষার মাহমুদসহ আরও অনেকে।