প্রতিদিন চিকিৎসকের জন্য অপেক্ষা করেছি : টয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টয়া, ছবি: আনন্দ
টয়া, ছবি: আনন্দ

আমার প্রথম প্রেম বা ভালো লাগার বিষয়ে দুটি ক্যাটাগরি করা আবশ্যক। তাতে বলতে সুবিধা হবে। প্রথম গল্পটি বিদেশের, আর পরের ভালো লাগা দেশে।
২০০৪ সালের ঘটনা। আমি তখন খুব ছোট। বয়স ১১। আমার চোখে সমস্যা দেখা দিল। ভারতের চেন্নাইয়ে যাই চিকিৎসা করাতে। সঙ্গে ছিল পরিবারের সদস্যরা। সেখানে শংকর নেত্রালয়ে আমরা ছিলাম। একজন চিকিৎসক আমাকে দেখলেন। তাঁর ব্যবহার দেখে আমি মুগ্ধ! আমার প্রতি তাঁর যত্ন দেখে আমি সেই চিকিৎসকের প্রেমে পড়ে যাই। এত অল্প বয়সে একে নিশ্চয়ই প্রেম বলা যায় না।
এরপর প্রতিদিন চিকিৎসকের জন্য অপেক্ষা করেছি।
কখন তিনি আসবেন?
একদিন তিনি হাতে একটা বন্ধনী পরে এলেন। এসে সবাইকে বললেন, এটা রাখীবন্ধন। তাঁর বোন এটা পরিয়ে দিয়েছেন। আমাকেও বললেন। আমি তখন মনে মনে বলি, আমি তোমাকে জীবনেও এটা পরাব না!
আমরা সেখানে ছিলাম এক মাস। এরপর বিদায় নিতে যাব। আমি তখন ‘বিচ্ছেদে’ প্রায় কাতর। এই বিচ্ছেদের মধ্যে হালকা ‘নুন’ ছিটিয়ে দিলেন ডাক্তার বাবু। হিন্দিতে বললেন, ‘ওকে বেটা, আচ্ছা রেহনা!’
বেটা! এই একটা শব্দ শুনে আমার চোখ ভিজে যায়।
এবার দেশে প্রেমে পড়ার ঘটনা বলা যাক। আমি তখন এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। ভর্তি হয়েছি হলিক্রস কলেজে। সেখানে এক শিক্ষকের প্রেমে পড়ি। তবে এটা বেশি দিন ছিল না। ভালো লাগা পর্যন্তই। অল্প কিছুদিন সে ভালো লাগা ছিল।
এখন যখন এসব ঘটনার কথা মনে হয়, তখন খুব হাসি পায়।