প্রতিদিন পাঁচ ঘণ্টা শরীরচর্চা করছেন ক্যাটরিনা
চরিত্রের প্রয়োজনে বলিউডের তারকারা কতই কিছুই তো করেন! কাজের প্রতি নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের জন্য সুনাম আছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি আবার তা প্রমাণ করলেন জনপ্রিয় এ অভিনেত্রী। ‘ধুম ৩’ ছবির মারকুটে সব দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে উঠেপড়ে লেগেছেন ক্যাটরিনা। প্রতিদিন নিয়ম করে পাঁচ ঘণ্টা তিনি ব্যয় করছেন শরীরচর্চার পেছনে।অ্যাকশন ঘরানার ‘ধুম ৩’ ছবিতে দুঃসাহসিক সব অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে ক্যাটরিনাকে। এ জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। সম্প্রতি লন্ডন থেকে শরীরচর্চার প্রশিক্ষক আনা হয়েছে তাঁর জন্য। আগে প্রতিদিন দুই ঘণ্টা শরীরচর্চা করলেও, নতুন প্রশিক্ষকের তত্ত্বাবধানে এখন পাঁচ ঘণ্টা ধরে শরীরের ঘাম ঝরাচ্ছেন ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ‘মিড-ডে’। সূত্রটি আরও জানিয়েছে, ক্যাটরিনা এই প্রশিক্ষণের মাধ্যমে শরীরের শক্তি এবং পরিশ্রম করার ক্ষমতা বাড়াচ্ছেন। পাশাপাশি যেকোনো ধরনের প্রতিকূল পরিবেশে শরীর ফিট রাখার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে তাঁকে। পাঁচ ঘণ্টা শরীরচর্চার বিষয়টি মোটেও সহজ নয়। এ জন্য টানা শরীরচর্চার পরিবর্তে বিরতির মাধ্যমে ক্যাটরিনাকে দিয়ে কঠিন কাজটি করিয়ে নিচ্ছেন তাঁর প্রশিক্ষক। তবে বিরতির সময় অলস বসে না থেকে বিভিন্ন কাজের পাশাপাশি ছবির ডাবিংয়েও অংশ নিচ্ছেন ক্যাটরিনা।