প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে চা খেলেন দেব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেব
দেব

কলকাতার চলচ্চিত্র তারকা দেব গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হঠাৎ করেই হাজির হন প্রতিদ্বন্দ্বী সন্তোষ রানার বাড়িতে। পান করেন চা। কিছুক্ষণ গল্পও করেন। সন্তোষ রানার স্ত্রী দেবের জন্য তৈরি করেছিলেন রাবড়ি। তাও চেখে দেখেছেন দেব। এভাবেই সেখানে কেটে যায় আধা ঘণ্টা।
এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেব। এ কেন্দ্রেরই বামফ্রন্টের প্রার্থী সিপিআইয়ের সন্তোষ রানা।
গত রোববার সন্তোষ রানাকে ফোন করে দেব জানিয়েছিলেন, তিনি তাঁর বাড়িতে চা খেতে আসবেন। সন্তোষ রানাও তাঁকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু হঠাত্ করে একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে দেবের বেফাঁস মন্তব্য নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। এতে এ যাত্রায় আর চা খাওয়া হচ্ছে না বলে সন্তোষ রানাকে জানান দেব। কিন্তু না করার পরও হঠাত্ করেই গতকাল রাতে তিনি হাজির হন প্রতিদ্বন্দ্বীর বাড়িতে। দেবের বেফাঁস মন্তব্যের প্রতিবাদে ভারতের বামপন্থী নারীদের চারটি সংগঠনের পক্ষ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনার এইচ এস ব্রহ্মের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। নারী নেতারা সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন এ ব্যাপারে দেবকে নোটিশ দিতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছে।

কলকাতার একটি দৈনিক পত্রিকার সঙ্গে এক সাক্ষাত্কারে নায়ক দেবকে জিজ্ঞাসা করা হয়, নির্বাচনের প্রতিযোগিতাকে তিনি কীভাবে উপভোগ করছেন। 

জবাবে দেব বলেন, ‘ধর্ষিত হওয়ার মতো অনুভূতি হচ্ছে। হয় চিত্কার করো, না হলে উপভোগ করো।’ এই মন্তব্যের কথা সোমবার ওই দৈনিকে প্রকাশিত হওয়ার পর তীব্র ঝড় ওঠে রাজনীতিতে। পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমা চান দেব।