প্রতিবন্ধী শিশুদের আঁকা ছবি
প্রায় ৩৫০টি শিশু ছবি আঁকছে। এই শিশুরা সমাজের অন্য শিশুদের চেয়ে কিছুটা আলাদা। এদের কেউ হয়তো কানে শোনে না, কেউ কথা বলতে পারে না। কেউ আবার অটিস্টিক। তবে এই শিশুদের আঁকা সুন্দর সুন্দর ছবি দেখে তা বোঝার কোনো উপায় নেই। ফলে উপস্থিত সবার চোখে-মুখে মুগ্ধতা।গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে এই শিশুদের মেলা বসে। সপ্তাহব্যাপী শিশু অধিকার সপ্তাহ উদ্যাপনের অংশ হিসেবে একাডেমীর প্রাঙ্গণ ছিল শুধুই এ শিশুদের দখলে। ‘প্রারম্ভিক বিকাশ-প্রতিবন্ধী শিশুর অধিকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় প্রতিবন্ধী ফোরাম এবং বাংলাদেশ শিশু একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করে। সকালে অনুষ্ঠানের শুরুতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষে ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার’বিষয়ক সেমিনারে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, প্রতিবন্ধী শিশুদের অবহেলা করার সুযোগ নেই। একজন স্বাভাবিক শিশুর মতো সমানভাবেই তাদের দেখতে হবে। তাদের সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না। মনে রাখতে হবে, তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেমিনার শেষে প্রতিবন্ধী শিশুদের জন্য শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী এবং মীনা শোর আয়োজন করা হয়। শিশুরা বিভিন্ন খেলনা বা রাইডে উঠে আনন্দ করে সময় কাটায়। বিকেলে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি রজব আলী খান এবং প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।