প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভিন্নধর্মী আয়োজন

নাচ, গান, কবিতা আবৃত্তি আর অভিনয় দিয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে প্রতিবন্ধী শিশুরা। শুরুতেই তারা ‘আমরা করব জয়’ গানটি গেয়ে শোনায়। অনুষ্ঠানে আসা সকল প্রতিবন্ধী শিশু ও অতিথিরা এই গানের সঙ্গে কণ্ঠ মেলায়। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিবন্ধী শিশুদের নিয়ে এমন চমৎকার আয়োজন করে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস।
বিজয়ের মাসে বিজয়ের ৪৫ বছর উদ্যাপন উপলক্ষে ‘লাল সবুজের মহোৎসব’ এই শিরোনামে ১৬ দিনব্যাপী উৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। এ দিনের পুরো আয়োজন ছিল প্রতিবন্ধী শিশুদের নিয়ে। একের পর এক নাচ, গান, আবৃত্তি আর অভিনয়ের মধ্য দিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা জমে উঠে।
অনুষ্ঠানের শুরুতে নবাব সিরাজউদ্দোলার ইতিহাস থেকে শুরু করে ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৭৫ আর বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয়।
লাল সবুজের মহোৎসবে গতকাল হোপ অটিজম সেন্টারের পরিচালক নুসরাত আহমেদ বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে অটিস্টিক ছেলে-মেয়েরাও যে দেশের জন্য কাজ করতে পারে তা আমরা প্রমাণ করব।’
এদিকে সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন এর অধ্যক্ষ সাবিনা হোসাইন বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে সবার ভূমিকায় দরকার। এই অটিস্টিক বাচ্চারাও দেশের কোন না কোন কাজে আসবে। তাদেরকে আমাদের কাজে লাগানো উচিত।’
‘লাল সবুজের মহোৎসব’ অনুষ্ঠানের চতুর্থ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। এ ছাড়া অন্যান্যদের মধ্যে আরও ছিলেন ওয়ান মোর জিরো কমিউনিকেশনস ও গানবাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন,‘এই অটিস্টিক শিশুরা আমাদেরই সন্তান। সরকার দেশের চার হাজার অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছে। এই বিশেষ বাচ্চারাও পারবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে।’
‘নোঙর তোলো তোলো’ এই গানের মাধ্যমে লাল সবুজের মহোৎসবের চতুর্থ দিনের আয়োজন শেষ হয়। আজ সোমবার উৎসবের পঞ্চম দিনে একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে গণসংগীত শিল্পীদের পরিবেশনায় গণসংগীতের অনুষ্ঠান ‘স্বাধীনতার সংগ্রাম’।