প্রতিবন্ধীদের জন্য কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রসরোবরে গতকাল ‘কনসার্ট ফর ইনক্লুশন’ অনুষ্ঠানে গান করছেন জলের  গানের শিল্পীরা l প্রথম আলো
রবীন্দ্রসরোবরে গতকাল ‘কনসার্ট ফর ইনক্লুশন’ অনুষ্ঠানে গান করছেন জলের গানের শিল্পীরা l প্রথম আলো

‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো।’ পাশাপাশি বসেই শুধু নয়, পাশাপাশি দাঁড়িয়েও ছিল অসংখ্য মানুষ। প্রতিবন্ধীরা বসেছিলেন হুইলচেয়ারে, কারও পাশে রাখা ছিল ক্রাচ। গতকাল বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্ত মঞ্চে গান শুনতে এসেছিলেন নানা বয়সী অসংখ্য তরুণ-তরুণী। তাঁদের মধ্যে ছিলেন বহু প্রতিবন্ধী। কনসার্টের আয়োজক বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) সাধারণ সম্পাদক সালমা মাহবুব জানান, প্রতিবন্ধীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদল ও সচেতনতা সৃষ্টির জন্যই এ আয়োজন। মূলধারার সব কাজের সঙ্গে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার একটি আন্দোলনও এটি। তাঁদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং সমাজের মূলধারার সঙ্গে একীভূত করতে কাজ করছে বি-স্ক্যান। এ লক্ষ্যে অপরাজেয় নামের একটি ত্রৈমাসিক পত্রিকাও প্রকাশ করছে সংগঠনটি। এ পত্রিকার কর্মীদের অনেকেই শারীরিক প্রতিবন্ধী। পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ কনসার্টের আয়োজন। কনসার্টে শুভেচ্ছা জানাতে এসেছিলেন চলচ্চিত্র তারকা ফেরদৌস। প্রতিবন্ধী শিল্পীদের পাশাপাশি গান করে ব্যান্ডদল: জলের গান, নেফারিয়াস সেনটিনেল, আবর্তন ও শহরতলী।
অংশ নেন প্রতিবন্ধী শিল্পী চাঁদের কনা, স্বপ্না চাঁদনী, নজরুল ইসলাম ও শাহাবুদ্দিন দোলন, আবৃত্তিকার রূপা চক্রবর্তী।