প্রতিবাদী চরিত্রের বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্জিকার অনুশাসনে প্রকৃতিতে এখন শীতের বিদায় নেওয়ার পালা। নিয়ম মেনে নগরজীবনেও শোনা যাচ্ছে কোকিলের কুহুতান, ঝরা পাতার মর্মর। জানান দিচ্ছে বসন্তের আগমনী বার্তা। আজ মঙ্গলবার শীতের শেষ দিন, কাল বুধবার পয়লা ফাল্গুন। উৎসবপ্রিয় অসাম্প্রদায়িক বাঙালি মেতে উঠবে বসন্ত বরণের আয়োজনে। তবে সংগত কারণে এবার বসন্ত বরণের আনুষ্ঠানিকতা হবে প্রতিবাদী চরিত্রের। একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের গণদাবির উত্তাপ থাকবে আয়োজনে। নবজাগরণের চেতনা প্রবাহিত হবে নৃত্য-গীত, কবিতা আর কথায়। গত ১৮ বছরের ধারাবাহিকতায় এবারও রাজধানীতে বসন্ত উৎসবের আয়োজক জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষদ। ‘এসো প্রাণের উৎসবে’ স্লোগানে নতুন ঢাকার পাশাপাশি এবার পুরান ঢাকাতেও অনুষ্ঠিত হবে উৎসব।উৎসব উপলক্ষে গতকাল সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। বিভিন্ন তথ্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক বাকশিল্পী কাজী আরিফ, সহসভাপতি সফিউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানজার চৌধুরী ও আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, উৎসব সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংকের প্রতিনিধি শিবলী সাদিক। সংবাদ সম্মেলনে পাঠ করা প্রবন্ধে বলা হয়, মানবতাবিরোধী অপরাধীদের বিচারে দেশব্যাপী জেগে ওঠা গণজাগরণের বিষয়টি ধারণ করে সাজানো হয়েছে এবারের উৎসব অনুষ্ঠানমালা। আর প্রকৃতিগতভাবেই ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এই বসন্তে। তাই এবারের উৎসবের চরিত্র হবে প্রতিবাদী। গান, কবিতা কিংবা নাচের ছন্দে বসন্ত বন্দনার পাশাপাশি থাকবে বিপ্লবী উদ্দীপনা ও উত্তাপ। কবিতা ও গানের কথায় ধ্বনিত হবে যুদ্ধাপরাধীর বিচারের প্রাসঙ্গিকতার বাণী। বুধবার সকাল সাতটায় চারুকলা অনুষদের বকুলতলায় যন্ত্রসংগীতের সুর মূর্ছনা দিয়ে শুরু হবে উৎসব। সাড়ে নয়টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। আর বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত একযোগে অনুষ্ঠান চলবে লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক, চারুকলার বকুলতলা ও ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।দেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে উৎসবে অংশ নেবে ত্রিপুরার আগরতলা নৃত্যকেন্দ্রের ১০ জনের একটি নৃত্য দল। এ ছাড়া রয়েছে নানা আয়োজন। শহীদ মিনারে আজ সেমিনার‘একুশ আছে জয়োদ্ধত একুশ বাঁচে অবিরত’ স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশে অনুষ্ঠানমালার গতকাল ছিল চতুর্থ দিন। বিকেলে দলীয় সংগীত পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী, মংলু শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন বিমান চন্দ্র বিশ্বাস, মনোরঞ্জন ঘোষাল, বিজন চন্দ্র মিস্ত্রি, নিলুফার জাহান ও মারুফ হোসেন। দলীয় আবৃত্তি করে উৎস আবৃত্তি একাডেমি। একক আবৃত্তি করে এস এম সুমন। নৃত্য পরিবেশন করে নৃত্য ও স্পন্দন। পথনাটক পরিবেশন করে নাট্যধারা ও নাট্যতীর্থ। ঢাকা আর্ট সেন্টারে চিত্রকলা প্রদর্শনীগত বছরের মে মাসে নয়াদিল্লিতে দক্ষিণ এশিয়ার তরুণ শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। ‘সংযুক্ত রঙে সংস্কৃতির প্রবাহ’ শীর্ষক এই ক্যাম্পে অংশ নেন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের তরুণ চিত্রশিল্পীরা। বাংলাদেশের তিন শিল্পীর অংশগ্রহণে ওই ক্যাম্পে সব মিলিয়ে আঁকা হয় ৩৭টি ছবি। আর সেসব বৈচিত্র্যময় চিত্রকর্ম নিয়ে রোববার থেকে ঢাকা আর্ট সেন্টারে চলছে নয় দিনের প্রদর্শনী। প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।