প্রতিবাদী মাহফুজ আহমেদ
সুমাইয়া শিমু ও ঈশানা দুই বান্ধবী। কলেজ থেকে ফেরার পথে প্রায় প্রতিদিনই বখাটেদের উত্ত্যক্তের শিকার হতো ঈশানা। বিষয়টা খেয়াল করতেন মাহফুজ আহমেদ। আর একদিন ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের গুলিতে মারা যান মাহফুজ। তাঁর মৃত্যুর সংবাদে শিমু ভীষণ কষ্ট পায়। এ রকম গল্প নিয়েই তৈরি হয়েছে খণ্ড নাটক ‘দুঃখটা একান্তই অনুর’। লিখেছেন সারওয়ার-উল-ইসলাম। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি গাজীপুরের ভাদুনবাড়িতে নাটকটির শুটিং হয়।মাহফুজ আহমেদ বলেন, আসলে বর্তমান সময়ে ইভটিজিং এর যে অবস্থা তাতে দুই-একজন এগিয়ে না এসে সম্মিলিতভাবে আন্দোলন করাটাই মুখ্য। দুই-একজন বিচ্ছিন্নভাবে এগিয়ে আসলে তাঁকে শুধু মৃত্যুকেই মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই সেটাই দেখানো হবে। এক কথায় ইভ টিজিংকে সম্মিলিতভাবে প্রতিরোধের বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। চয়নিকা চৌধুরী বলেন, ইভ টিজিং এখন একটা সামাজিক ব্যাধি। বলতে পারেন সামাজিক তাড়না থেকেই এ ধরনের বিষয়বস্তুকে নিয়ে নাটকের কাজটি করা। নাটকটির মাধ্যমে আমি ইভ টিজিংয়ের ভয়াবহতার নানাদিক তুলে ধরার চেষ্টা করেছি।মাহফুজ আহমেদ, সুমাইয়া শিমু, ঈশানা ছাড়াও ‘দুঃখটা একান্তই অনুর’ নাটকের অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন আবুল হায়াত,পৃথুরাজ প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রচারিত হবে।