প্রতিবেশীর বাড়িতে ডিম ছোড়ায় ফাঁসছেন বিবার!

উল্টা-পাল্টা নানা কীর্তি ঘটিয়ে এখন পর্যন্ত বহুবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন কানাডীয় পপ গায়ক জাস্টিন বিবার। এবার প্রতিবেশীর বাড়িতে ২০টি ডিম ছুড়ে মুখরোচক খবরের জোগান দিলেন ১৯ বছর বয়সী এ ‘বেবি’ তারকা। বিবারের প্রতিবেশীর দাবি, ডিম ছোড়ায় বাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য সবমিলিয়ে ২০ হাজার ডলার খরচ হবে। বিবারের বিরুদ্ধে গুরুতর অপরাধ সংঘটনের অভিযোগে মামলা দায়ের করার কথাও ভাবছেন ওই প্রতিবেশী।
ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাস এলাকায় বসবাস করেন বিবার। গত সপ্তাহে দুষ্টুমি করে প্রতিবেশীর বাড়িতে ২০টি ডিম ছুড়ে মারেন তিনি। এতে করে বাড়িটির সামনের অংশের প্লাস্টার ক্ষতিগ্রস্ত হয়। বিবারের এমন খামখেয়ালি আচরণের কারণে বাড়িটির সম্মুখভাগের পুরোটাই আবার নতুনভাবে প্লাস্টার করতে হবে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টিএমজি।
বিবারের প্রতিবেশী দাবি করেছেন, দামি ভিনিশিয়ান প্লাস্টারের পেছনে ১৫ হাজার ডলার ব্যয় করতে হবে তাঁকে। এ ছাড়া দরজা থেকে ডিমের দাগ উঠিয়ে নতুন করে রং করতে হবে। এজন্য খরচ হবে আরও পাঁচ হাজার ডলার। সবমিলিয়ে ২০ হাজার ডলার বের হয়ে যাবে তাঁর পকেট থেকে।