প্রতিশোধ নেবেন সালমান!
দিওয়ালি বা দীপাবলি উৎসব সামনে রেখে ১৩ নভেম্বর মুক্তি পাচ্ছে অজয় দেবগন অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘সান অব সর্দার’। ছবির একটি গানে অংশ নিয়েছেন অজয়ের কাছের বন্ধু সালমান খান। একই দিনে শাহরুখ খান অভিনীত ‘যব তক হ্যায় জান’ চলচ্চিত্রও মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশ রাজ ফিল্মস। এর প্রতিবাদ জানিয়ে অজয় নোটিশ পাঠালেও সিদ্ধান্তে অটল আছে যশ রাজ ফিল্মস। বন্ধুর বিপদে আপাতত কিছু করতে না পারলেও প্রতিশোধ নিতে চিরশত্রু শাহরুখের ওপর চড়াও হওয়ার পরিকল্পনা করছেন সালমান। শাহরুখের পরবর্তী ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মুক্তির দিনেই নিজের অভিনীত ‘কিক’ ছবিটি মুক্তির সব আয়োজন করছেন সালমান।১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম দিল দে চুকে সোনম’ ছবিতে কাজ করার সময় অজয় দেবগনের সঙ্গে চমৎকার বন্ধুত্ব গড়ে উঠেছিল সালমান খানের। আজও তাঁরা একে অপরের খুবই কাছের বন্ধু। সালমান খুব ভালো করেই বুঝতে পারছেন, একই দিনে ছবি মুক্তি পেলে অজয়ের ‘সান অব সর্দার’ ব্যবসায়িক ঝুঁকির মুখে পড়বে। শাহরুখ এবং যশ রাজ ফিল্মস একত্র হয়ে অজয়ের পেছনে লাগায় দারুণ চটেছেন সালমান। বন্ধুর হয়ে প্রতিশোধ নিতে তাই ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবি মুক্তির দিনে ‘কিক’ ছবিটি মুক্তির পরিকল্পনা আঁটছেন সালমান। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। সালমান ও শাহরুখের চিরবৈরিতার বিষয়টি বলিউডে নতুন কোনো বিষয় নয়। তবে এবারে খানে-খানে যুদ্ধটা বেশ জমে উঠবে বলেই ধারণা করছেন সবাই। চিরশত্রু সালমানকে কুপোকাত করতে শাহরুখ কী ব্যবস্থা নেন, সেটাই এখন দেখার বিষয়।