প্রতিশ্রুতি ভঙ্গের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে অমিতাভ বচ্চন উত্তর প্রদেশের বরাবাঁকি জেলার মহম্মদপুর থানার দৌলতপুর গ্রামে পুত্রবধূ ঐশ্বরিয়ার নামে একটি স্নাতক মহিলা কলেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর আগে ওই গ্রামে ২০০৬ ও ২০০৭ সালে দুই দফায় ১৬ বিঘা জমিও কিনেছেন। এখানে কলেজ নির্মাণের দায়িত্ব দেন আরেক বলিউড তারকা জয়া প্রদার নির্মাণ সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশনকে। এরপর ২০০৮ সালে ঘটা করে প্রস্তাবিত ওই কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ওই সময় উপস্থিত ছিল বচ্চন পরিবার। সঙ্গে উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, সাবেক সাধারণ সম্পাদক অমর সিং। কিন্তু কলেজ আর হয়নি। সম্প্রতি কলেজের খবর জানতে গিয়ে নির্মাণ সংস্থার কর্মীদের হাতে হেনস্তা হয়েছে গ্রামবাসী। এরপর দৌলতপুর গ্রামপ্রধান রাজকুমারী ক্ষুব্ধ হয়ে স্থানীয় আদালতে অমিতাভের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য মামলা করেছেন। মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবচাঁদ মহম্মদপুর থানার পুলিশকে অমিতাভসহ আরও পাঁচজনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। ১০ জুনের মধ্যে পুলিশকে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে।