প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষে ইটিভির বর্ণাঢ্য আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষ উপলক্ষে একুশে টেলিভিশনে আজ থেকে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। চ্যানেলটির বরাতে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলা নববর্ষের এ আয়োজনে থাকছে নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, নাচ, গান, ম্যাগাজিন অনুষ্ঠান, ফোন লাইভ স্টুডিও কনসার্টসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠান। কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে বাংলার ঐতিহ্যবাহী মেলার আয়োজন করেছে একুশে টেলিভিশন। দিনব্যাপী মেলার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনের মধ্যে থাকছে বাউলগান, নাচ, জাদু এবং দেশের প্রখ্যাত শিল্পীদের সংগীত পরিবেশনা। আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে সারা দিনই স্টুডিও লিংকের মাধ্যমে অনুষ্ঠানটির বিশেষ বিশেষ অংশ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে ইটিভি। রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানের ওপারে’। এতে গান গাইবেন ফাহমিদা নবী। রাত ১০টায় থাকছে নাটক ‘চোর’। আতিকুল হক চৌধুরীর নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তমালিকা কর্মকার, মামুনুর রশীদ, রোজি সিদ্দিকী প্রমুখ।১৫ এপ্রিল সকাল ১০টায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘বাউলিয়ানা’। টেলিফিল্ম ‘লাভ অ্যান্ড লাভ’ প্রচারিত হবে বিকেল চারটায়। এতে অভিনয় করেছেন অহনা, সোহান খান, তানভীর প্রমুখ। সন্ধ্যা সাড়ে ছয়টায় থাকছে রাশিফল-বিষয়ক অনুষ্ঠান ‘কেমন যাবে ১৪২০’। রাত আটটায় থাকছে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ড্যান্স মাস্তি’। রাত সাড়ে নয়টায় ‘গানের ওপারে’ অনুষ্ঠানে গান গাইবেন আঁখি আলমগীর। রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘চেনা চেনা লাগে’। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সজল, বিন্দুসহ আরও অনেকে। রাত ১২টায় ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী কনা। ১৬ এপ্রিল বেলা তিনটা ২৫ মিনিটে প্রচারিত হবে কৌতুকবিষয়ক অনুষ্ঠান ‘ফান ক্যারিকেচার’। বিকেল চারটায় প্রচারিত হবে টেলিফিল্ম ‘বেঁচে থাক ভালোবাসা’। এতে অভিনয় করেছেন সজল, ফারাহ রুমা, তানভীর, সিজার প্রমুখ। রাত সাড়ে নয়টায় ‘গানের ওপারে’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। বিদ্যা সিনহা মীম ও মনির খান শিমুল অভিনীত নাটক ‘অনামিকা’ প্রচারিত হবে রাত ১০টায়। রাত ১২টায় ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল চিরকুট। চার দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শেষ দিন ১৬ এপ্রিল বেলা তিনটা ২৫ মিনিটে প্রচারিত হবে কৌতুকবিষয়ক অনুষ্ঠান ‘ব্যাঙের সর্দি’। বিকেল চারটায় থাকছে টেলিফিল্ম ‘লোকাল হিরো’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, প্রাণ রায়, হোমায়রা হিমু, ফারুক আহমেদ প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘কবি ও কবিতা’। আহসান আলমগীরের রচনা ও দেবাশীষ বড়ুয়া দীপের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ফারাহ রুমা, আবিদ রেহান প্রমুখ। রাত ১২টায় ফোন লাইভ স্টুডিও কনসার্টে সংগীত পরিবেশন করবেন ‘লালন কন্যা’খ্যাত শিল্পী ফরিদা পারভীন।