প্রতিষ্ঠাবার্ষিকীতে দেওয়া হলো কবিতালাপ পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের সঙ্গে ‘কবিতালাপ’ পুরস্কারপ্রাপ্ত কবিরা l ছবি: প্রথম আলো
অতিথিদের সঙ্গে ‘কবিতালাপ’ পুরস্কারপ্রাপ্ত কবিরা l ছবি: প্রথম আলো

একেবারে পূর্ণ যৌবনে ‘কবিতালাপ’। ছত্রিশে পা রাখল। এতটা পথ পাড়ি দিয়ে এটি আগলে রেখেছে বহু কবি ও সাহিত্যিককে। এরই মধ্যে এর সঙ্গে যুক্ত হয়েছেন দেশের স্বনামখ্যাত সব কবি-সাহিত্যিক। লিখেছেন ‘কবিতালাপ’ সংকলনটিতে।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে কবিতা পাঠ করেন এর সঙ্গে সম্পৃক্ত কবি ও অতিথি কবিরা। প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে দেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক ও সাংবাদিকদের পুরস্কার দিয়ে থাকে সংগঠনটি। এবারও দেশের বরেণ্য ১০ জন কবি ও সাহিত্যিককে দেওয়া হয় কবিতালাপ পুরস্কার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অতিথিদের মধ্যে ছিলেন কবি রবিউল হুসাইন, কামাল চৌধুরী, সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস ও সাংবাদিক লিয়াকত আলী।
শিল্পী ইফ্ফাত আরা দেওয়ানের কণ্ঠে ‘মনে কি দ্বিধা রেখে গেলে চলে’ রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। শিল্পী ‘দীপ নিভে গেছে মম’, ‘কে দিল আবার আঘাত’ ও ‘পৃথিবী আমারে চায়’ গানগুলোও গেয়ে শোনান।
এই আসরের পুরস্কারপ্রাপ্তরা হলেন সাংবাদিক ফারুক আলমগীর, প্রাবন্ধিক মোহাম্মদ আবদুল মজিদ, কবি আসাদ মান্নান, কবি রুবী রহমান, গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, কবি আবদুস সামাদ ফারুক, কবি রবীন্দ্র গোপ, কবি মুহাম্মদ সামাদ, কবি মোশাররফ হোসেন ভূইয়া ও এম মোস্তাকুল হক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অর্পণ উজ্জামান। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সংগঠন হিসেবে জনবল আর যন্ত্রপাতির বিচারে কবিতালাপ খুব বড় কিছু নয়। তবে এর সারথিরা নিবেদিতপ্রাণ। আঞ্চলিক পর্যায়ে কাজ করলেও শুরু থেকেই সংগঠনটি জাতীয় পর্যায়ের কাব্য-সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, নিউইয়র্কেও গঠিত হয়েছে খুলনার এই সংগঠনের একটি শাখা।