প্রতিসরণ-এর ৫০
প্রায় আট বছর পর নাট্যকেন্দ্রের জনপ্রিয় প্রযোজনা প্রতিসরণ নাটকটির অর্ধশত মঞ্চায়ন হতে যাচ্ছে। ৩০ সেপ্টেম্বর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এর ৪৯তম প্রদর্শনী হবে। একই মিলনায়তনে ১ অক্টোবর নাটকটির ৫০তম প্রদর্শনী হবে। ২০০৩ সালে প্রথম নাটকটি মঞ্চে আসে। সে সময় মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর এক বছর নাটকটি নিয়মিত মঞ্চে থাকার পর প্রদর্শনী বন্ধ হয়ে যায়। মাঝখানে কেন নাটকটির প্রদর্শনী বন্ধ হয়েছিল? এ প্রসঙ্গে নাট্যকেন্দ্রের কর্ণধার তারিক আনাম খান বলেন, ‘এ সময়ে আমরা নতুন নাটক প্রজাপতি মঞ্চে আনি। আগের আরেকটি নাটক আরজচরিতামৃতও নতুন করে মঞ্চে আনি। এগুলো ছাড়াও আরেকটি সমস্যা ছিল সে সময়। তা হলো নাটকটিতে মেয়ে চরিত্রটি যিনি করতেন, তিনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়েছিলেন। এবং নাটকটির মধ্যে বেশ কয়েকজন শিল্পী অনিয়মিত হয়ে পড়েন। ফলে নাটকটির প্রদর্শনী বন্ধ রেখে আমরা নতুন নাটকে চলে যাই।’ তবে ২০০৯ সালে এসে নাটকটি আবার মঞ্চে ওঠে। তারিক আনাম বলেন, ‘ঢাকার মঞ্চে সমসাময়িক গল্প নিয়ে যেসব নাটক মঞ্চস্থ হয়ে আসছে, তার মধ্যে বেশ জনপ্রিয় ছিল এ নাটকটি। পরে আমরা পুরোনো শিল্পীর পরিবর্তে নতুন অভিনেতা-অভিনেত্রী তৈরি করে ২০০৯ সালে আবারও নাটকটি মঞ্চে আনি। এরপর থেকেই নাটকটি মঞ্চে নিয়মিত প্রদর্শনী চলছে।’নাটকটি নাগরিক জীবনের গল্প নিয়ে গড়ে উঠেছে। একজন আর্কিটেকচারের জীবনের নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গল্পটি এগিয়ে যায়। মোটকথা, মানুষ মানুষের সম্পর্কের জটিলতা, এসব জটিলতা ঘিরেই নাটকটি।নাটকটিতে প্রথমে অভিনয় করতেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, কণা, মোশাররফ করিম, ঝুনা চৌধুরী ও তিতাস। এখন করছেন হাবিব মাসুদ, শ্রাবণী ফেরদৌস, নিয়াজ মোহাম্মদ তারিক, আবিদ রেহান, ইকবাল বাবু ও তারিক স্বপন। ঢাকাসহ দেশের একাধিক জায়গায় নাটকটির প্রদর্শনী হয়েছে। ভারতেও বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে নাটকটির।এদিকে প্রতিসরণ নাটকটির অর্ধশত মঞ্চায়ন উপলক্ষে এদিন বিকেল চারটায় নাট্যশালার কনফারেন্স হলে এক মুক্ত সেমিনারের আয়োজন করেছে দলটি। সেমিনারের বিষয়বস্তু হলো ‘বাংলাদেশের মঞ্চনাটকের প্রবণতা ও অবস্থান’। প্রতিসরণ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন তৌকীর আহমেদ।