প্রতীক্ষার দিন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলা থেকেই বাংলা সিনেমা তাঁকে চুম্বকের মতো আকর্ষণ করত। প্রিয় নায়ক সোহেল রানার ছবি দেখতে ছুটতেন প্রেক্ষাগৃহে। জায়েদের পাশের বাড়িতেই থাকতেন সংগীতশিল্পী প্রয়াত খালিদ হাসান মিলু। প্রায়ই তিনি উপদেশ দিতেন, ‘একটু স্টাইলিশ হয়ে চলো। বড় হলে সিনেমার হিরো হতে পারবে।’ তার পর থেকেই চোখে স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান না করে, জায়েদ ছুটলেন চলচ্চিত্র পরিচালক-প্রযোজকদের পিছু পিছু। প্রযোজক মাহমুদুল হক তাঁর ভালোবাসা ভালোবাসা ছবিতে সুযোগ করে দিলেন জায়েদকে। পাঁচ বছরে ১৪টি ছবিতে অভিনয় করেছেন তিনি। মুক্তি পেয়েছে সাতটি ছবি। প্রতিষ্ঠা পাওয়ার জন্য এখনো চলছে লড়াই। এবার আমানের গল্প। মা জেলা ও দায়রা আদালতের বিচারক। একমাত্র ছেলে। মায়ের ইচ্ছা, ছেলে ব্যারিস্টার হবে। আইনের যুক্তিতে জিতে আসবে। ছেলে মায়ের কথা শুনেছেন। আইন বিষয়ে পড়াশোনা করছেন। কিন্তু যাঁর চোখে সিনেমার হিরো হওয়ার স্বপ্ন, তাঁকে পড়াশোনার বেড়াজালে আটকাবে কে? কিন্তু সুযোগ কই? সেই সুযোগটি করে দিলেন সন্ধানী কথাচিত্রের গোলাম মোর্শেদ। মান্নার অকালমৃত্যুর পর নায়কের আকাল। চিত্রগ্রাহক এস কে লিটনের সঙ্গে কাকতালীয়ভাবেই পরিচয় হলো আমানের। আমানকে যোগাযোগ করতে বলা হলো। পরিচিতজনেরা বিশ্বাস করতে চাইলেন না, আমানকে বললেন, ‘তুই তো দালালের খপ্পরে পড়েছিস।’ আমান তবুও মনে আশার স্বপ্ন বুনে যোগাযোগ করলেন। সেদিনই তাঁকে চুক্তিবদ্ধ করানো হলো দুটি ছবিতে, সেই তুফান ও যেখানে তুমি সেখানে আমি। এ পর্যন্ত ২৫টি ছবিতে কাজের সুযোগ পেয়েছেন আমান। মুক্তি পেয়েছে সাতটি ছবি।জায়েদের দুই বছর পর চলচ্চিত্রে কাজ করতে এসেছেন আমান। তবে এখন দুজন এক ছবিতেই কাজ করছেন। দুজনই উঠে এসেছেন আলোচনায়। আমানের বস্তির ছেলে কোটিপতি মুক্তির পর অনেক নির্মাতাই এখন তাঁকে নিয়ে কাজ করছেন। আর জায়েদ খানের মুক্তিপ্রতীক্ষিত বাংলা ভাই ছবিটি রয়েছে আলোচনায়।জায়েদ বললেন, ‘এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এমন একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি। নিজেকে প্রমাণ করার জন্য এ ছবিটিই যথেষ্ট। আমার একটা দুঃখবোধ ছিল। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে এসেছি। কিন্তু সুযোগের বড় অভাব। নতুনদের প্রতি অবজ্ঞা আর অবহেলা অনেক। চলচ্চিত্রকে ভালোবাসি বলে এখানে এসেছি। কিন্তু নির্মাতারা ছবিতে নিলেও তাঁরা আমাকে সেভাবে গুরুত্ব দেন না। দেখা যায়, একটা পোস্টার হয়, সেখানেও ছবিটি থাকে ছোট্ট করে। অথচ আমাদের নিয়ে প্রচারণাটা বেশি হওয়া দরকার। যেটা অতীতে পেয়েছেন শাকিল খান, ওমর সানি, রিয়াজ ও ফেরদৌস। তার পরও বলব, বাংলা ভাই ছবিটি হাতে পাওয়ার পরে মনে হচ্ছে, এখন আর কোনো কষ্ট নেই। তবে এ ছবিটিই ঠিক করবে আমি সিনেমায় থাকব, নাকি অন্য পেশায় চলে যাব।’ জায়েদের মতো আমানেরও ছোট ছোট অনেক দুঃখবোধ আছে। তার পরও আশাবাদী আমান। বললেন, ‘হাতে ১৫টিরও বেশি ছবি রয়েছে। এ ছবিগুলো যখন বাজারে আসবে, তখন দর্শকের কাছাকাছি আসার সুযোগ মিলবে। নতুনেরা প্রথমে কাজ করতে এসে কিছু সমস্যার মুখোমুখি হবে— এটাই স্বাভাবিক। দর্শক যদি পছন্দ করে, তবে নির্মাতারা অবহেলা করবেন না। দেরিতে হলেও হাঁটি হাঁটি পায়ে আমরা এগোচ্ছি এবং অনেক ছবিই হাতে নিয়েছি। আমার বিশ্বাস, একদিন আমরাও এমন একটি জায়গায় গিয়ে পৌঁছাব, যেখানে থেকে মনে হবে, আমি আইন পেশায় পড়াশোনা করেও অভিনয় করতে এসে ভুল করিনি।’জায়েদ ও আমানকে নিয়ে এরই মধ্যে নির্মাতা মহলে বেশ আলোচনা শুরু হয়েছে। পরিচালক মনতাজুর রহমান আকবর বললেন, ‘আমাদের সিনেমাশিল্পে এখন শিল্পীর বড় সমস্যা। ’৯১ সালে যেমন নতুনেরা এসে মন্দাভাব কাটিয়ে দিয়েছিল, তেমনি আবার নতুনদের আগমন প্রয়োজন। সেই সময় এখন এসেছে। জায়েদ ও আমানরাই পারবে দর্শকদের একঘেয়েমি দূর করে নতুন করে বাংলা ছবি এগিয়ে নিতে।’