প্রতীক্ষার মেহজাবীন
যাঁর প্রিয় খেলা রেসলিং, প্রিয় রেসলার জন সিনাহ (বেশ কবার যিনি ডব্লিওডব্লিওএফ চ্যাম্প); টিভিতে রেসলিং হলেই পর্দায় যাঁর চোখ আটকে থাকে, তাঁকে নিয়ে যে কারও প্রথম চিন্তাটা হবে অন্য রকম। অথচ মিষ্টি এই মেয়েটিই একজন স্বীকৃত লাক্স সুন্দরী। মেহজাবীন চৌধুরী। আলাপচারিতার ফাঁকেই জানা যায় তাঁর রেসলিং প্রীতির খবরটা। মেহজাবিন বলেন, ‘রেসলিং দেখতে আমার খুব ভালো লাগে।’ তাঁর ভালোলাগার পরিধিটাও বিশাল—একটু সময় পেলেই বন্ধুদের নিয়ে শপিংয়ে যাওয়া, পিৎজা খাওয়া। তবে সারা দিনে একবার প্রিয় বাবার সঙ্গে কথা না বললেই নয়। বাবা থাকেন দুবাইতে। তাই ফোনেই বাবার আবদার, খুনসুটি। মেহজাবীন তখন অনেক ছোট। একবার হলো কি, বাবার সঙ্গে প্লেনে করে যাচ্ছিলেন বেড়াতে। হঠাৎ ছোট্ট মেহজাবীনের মাথায় ভূত চেপে বসল পাইলট হওয়ার। সে প্লেন চালাবে এবং আজই। তাকে কোনোভাবেই মানানো গেল না। ভাগ্য ভালো, ওই বিমানের পাইলট ছিলেন তাঁর বাবার বন্ধু। পাইলটের সিটে নিয়ে বসানো হলো তাঁকে। আচ্ছা, এবার কাজের কথা জানা যাক। ব্যস্ততা কী নিয়ে? ঈদে বেশ কটি ফ্যাশন হাউসের পোশাক গায়ে চাপিয়ে মডেল হয়েছেন। ক্যামেরার সামনে বসতে বসতে ত্রাহি ত্রাহি অবস্থা। কিছু দিন আগে প্রচারিত একটা টেলিফিল্মের কাজ করেছিলেন—কল সেন্টার। নিয়মিত নাটকে অভিনয়ের প্রস্তাব এলেও আপাতত সব বন্ধ। কী কারণ?ঈদের পর থেকেই টানা শুরু হবে ওয়ারিশ ছবির কাজ। এটি মেহজাবীনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবিতে কাজ করা। তাই অভিষেকটা একটু ভালোভাবেই প্রস্তুতি নিয়ে করতে চান। বললেন, ‘এ ছবিতে আমি একজন টিভি রিপোর্টারের ভূমিকায় অভিনয় করছি। সালাউদ্দিন লাভলু পরিচালিত এ ছবিতে আমার বিপরীতে থাকছেন আরেফিন শুভ। এটি একটি রোমান্টিক অ্যাকশনধর্মী ছবি।’নাটকে কাজ করতে গিয়েও বেশ কিছু মজার অভিজ্ঞতা হয়েছে তাঁর। প্রথম অভিনীত নাটকটি ছিল তুমি থাক সিন্ধুপারে। প্রচারিত হয়েছিল একুশে ফেব্রুয়ারিতে চ্যানেল আইতে। নাটকে একটি বিদেশি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মেহজাবীন। যে মেয়েটির বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ। তবে বিশেষভাবে বললেন গত বৈশাখে নিরবের সঙ্গে করা ভালবাসাকে ভালবাসতে জানতে হয় নাটকটি নিয়ে। এ নাটকে একটা জেদি মেয়ের চরিত্রে কাজ করেছিলেন। মেহজাবীন বলেন, ‘আমি বাস্তবে যেমন, এই চরিত্রটিও ছিল ঠিক তেমন। নাটকে জেদি মেয়েটি একটা ছেলেকে পছন্দ করে। সে যেকোনো মূল্যে ওই ছেলেটিকে পেতে চায়।’—বলেই একটু থামলেন। তারপর যেন হাসতে হাসতে বললেন মনের কথাটি, ‘বাস্তবে যদি এমন কাউকে পছন্দ হয়, তবে তা-ই করব। কোনোভাবেই হাতছাড়া করা যাবে না তাকে। হা হা হা।’ ব্রিটিশ কাউন্সিলে ‘এ’ লেভেলস পড়ছেন মেহজাবীন। পড়াশোনার ফাঁকে নাটক দেখা চাই। প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নাটক বেশি দেখেন—কিছু শেখার আশায়। জ্যোৎস্না রাতে মেঘ হয়ে ভাসার মতো অবাস্তব স্বপ্ন চোখে না বুনলেও আশায় থাকেন ভালো কিছু করার। যা দিয়ে আবার উদ্ভাসিত হবেন আপন প্রতিভাগুণে। প্রতীক্ষার প্রহর গুনছেন মেহজাবীন। হয়তো ওয়ারিশ মুক্তি পাওয়ার পর নতুন এক মেহজাবীনকে আবিষ্কার করবে দর্শক।