প্রত্নতত্ত্ববিদ আবুল কালাম যাকারিয়া স্মরণসভা

প্রত্নতত্ত্ববিদ, নৃতত্ত্ববিদ, ইতিহাসবিদ, অনুবাদক, পুথি সাহিত্য বিশারদ ও ক্রীড়া সংগঠক আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার স্মরণসভা এবং আলোকচিত্র ও গ্রন্থ প্রদর্শনী আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ কর্মসূচি আয়োজন করে।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রদর্শনীতে আ ক ম যাকারিয়া এর বিভিন্ন কর্ম তৎপরতা নিয়ে আলোকচিত্রি জিয়া ইসলাম, শেখ হাসান, কাকলী প্রধান, ইন্দ্রজিৎ ঘোষ ও জয়ীতা রায়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শিত হয়। ছিল আ ক ম যাকারিয়ার লেখা ৩০টি গ্রন্থর প্রদর্শনীও।
আহমেদ মুনীরুদ্দিন তপুর পরিচালনায় স্মরণ সভার শুরুতেই ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির এশীয় ভাষার অনুবাদ সম্পাদনা পরিষদের সভাপতি আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রবীন্দ্র সংগীত ‘আনন্দালোকে মঙ্গলালোকে’ ও ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন ইশরাত জাহান কাকন। সূচনা বক্তব্য পাঠ করেন কমিটির মাঠকর্মী জাকারিয়া মন্ডল। মোনাজাত পরিচালনা করেন অনুবাদক, লেখক ও শোলাকিয়া ঈদগাহ’র খতিব মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।
আবুল কালাম মোহাম্মদ যাকারিয়ার সহকর্মী অনুবাদক, গবেষক, আলোকচিত্রী, স্থপতি ও চিত্রশিল্পীদের মধ্য থেকে তাকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ইতিহাসবিদ অধ্যাপক নাজমা খান মসলিশ, অনুবাদক-গবেষক মওলানা ফরীদ উদ্দিন মাসউদ, লেখক, অনুবাদক ও গবেষক মওলানা নুরুদ্দিন ফতেহপুরী, লেখক ও অনুবাদক ফাদার সিলভানো, অনুবাদক ও গবেষক অধ্যাপক সাইফুল ইসলাম খান, অধ্যাপক শামীম বানু, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, আলোকচিত্রী পাভেল রহমান, প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী আনিসুর রহমান প্রমুখ। আ ক ম যাকারিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার কন্যা মাসুমা খাতুন ও ছেলে মারুফ শমসের যাকারিয়া। এ সময় আ ক ম যাকারিয়ার সহধর্মিনী রেহানা বেগম ছিলেন মঞ্চে।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পরিণত বয়সেই তার মৃত্যু হয়েছে, কিন্তু এই মৃত্যু অকাল মৃত্যু। বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে তাঁকে আমাদের আরো প্রয়োজন ছিলো। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি তরুণদের উদ্যোগে গঠিত। তিনি পরিণত বয়সে ও তারুণ্যের উদ্যম নিয়ে কাজ করেছেন। এ কমিটির সবচেয়ে বয়স্ক সদস্য ছিলেন আ ক ম যাকারিয়া। তার ছিলো অফুরন্ত কৌতুহল জানার ও জানানোর বিষয়ে। কমিটির সদস্যরা তাকে সব সময় স্মরণ করবে, অনুসরণ করবে। ভালো মানুষ হওয়ার শিক্ষা নেবে আ ক ম যাকারিয়ার কাছ থেকে। শামীম বানু বলেন, তিনি কমিটি মিটিংয়ে সবাইকে কুর্নিশ করে অর্ভত্থনা জানাতেন। জ্ঞানসমৃদ্ধ নিরপেক্ষÿ রায় দিতেন।
মওলানা নুরদ্দীন ফতেহপুরী বলেন, তিনি পুরনো ইতিহাস ঘেঁটে ইতিহাসের নতুন নির্দেশনা দিতেন। তার সঙ্গে কাজ করা ভাগ্যের ব্যাপার।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু বলেন, তাঁকে এই বয়সে নিষ্ঠার সঙ্গে তরুণদের সঙ্গে যুক্ত হতে দেখে আমি অভিভূত হতাম। তার মতো শারীরিরক ও মানসিক যোগ্যতা তার চেয়ে কম বয়সীরাও রাখে না।
নাজমা খান মজলিস বলেন, তিনি খুবই আগ্রহের সঙ্গে ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণযন কমিটির কাজ করেছেন, নির্দেশনা দিয়েছেন। তিনি ফারসি ভাষার আকর গ্রন্থগুলো অনুবাদ করেছেন।
ফরিদ উদ্দিন মাসউদ বলেন, গবেষণা ছিলো তার নেশা। তার মধ্যে সৃষ্টিশীলতার আনন্দ ছিলো। তিনি মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন। তার মতো আলোকিত মানুষ কমই দেখেছি।