
‘যেসব বিষয়ে আমার সঙ্গে কথা বলবেন না’—কদিন বাদে সেলেনা গোমেজ হয়তো এই শিরোনামে একটা তালিকা হাতে নিয়ে ঘুরবেন! ৯ অক্টোবর বেরিয়েছে তাঁর দ্বিতীয় অ্যালবাম রিভাইভাল। অ্যালবামের একটি গান ‘গুড ফর ইউ’ মুক্তির পর থেকেই বিলবোর্ড টপচার্টের সেরা দশের ভেতরে ওঠানামা করছে। সম্প্রতি জানা গেছে, ২০১৩ সালে লুপাস রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে কেমোথেরাপি নিতে হয়েছিল। এত খবরের পরও সেলেনাকে নাকি এখনো কিছু অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে হয়। ‘আচ্ছা, অসুস্থ থাকা অবস্থায় সাবেক প্রেমিক জাস্টিন বিবার কি আপনাকে সঙ্গ দিয়েছিল?’ বেরসিক সাংবাদিকেরা এমন প্রশ্নই ছুড়ে দেন। জাস্টিন বিবার বিষয়ে তো বটেই, লুপাস নিয়েও কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তরুণী থেকে ‘নারী’ হয়ে ওঠা এই গায়িকা।
কিন্তু কেন নয়? একে তো প্রেমিকের সঙ্গে ছাড়াছাড়ি, তার ওপর শঙ্কা জাগানো অসুখ—সেই সময়টার কথা ভেবে লোকে ‘আহা রে মেয়েটা...’ বলে দুঃখ প্রকাশ করবে, এমনটা সেলেনা চান না। তবে তাঁর ফিরে আসার গল্প থেকে ভক্তরা তো প্রেরণা পেতেই পারেন। তাই হয়তো সুসময়েও বারবার দুঃসময়ের কথা জানতে চাওয়া। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক চুকেবুকে যাওয়ার পর থেকে কত খবরই তো রটল। খিটখিটে মেজাজের, বিধ্বস্ত, হতাশ সেলেনাকেই ভক্তদের সামনে তুলে ধরেছিল সংবাদমাধ্যমগুলো। এও শোনা গিয়েছিল, তিনি নাকি মাদকাসক্ত হয়ে পড়েছেন। সব সমালোচনার জবাব সেলেনা তাঁর অ্যালবাম রিভাইভাল দিয়েই দিয়েছেন।
রিভাইভালকে বাংলায় বলা যায় পুনর্জাগরণ বা প্রত্যাবর্তন। সত্যিই তো! কোণঠাসা হয়ে যাওয়া এক তারকা যদি নতুন করে জেগে ওঠেন, নিন্দুকদের ওপর তাঁর এর চেয়ে বড় প্রতিশোধ আর কী হতে পারে! একাধিক সাক্ষাৎকারে পুরোনো ‘ডিজনি’ তারকা স্বীকার করেছেন, বিবার তাঁর হৃদয় ভেঙেছেন। এখন একই সঙ্গে বিলবোর্ড টপচার্টে জায়গা করে আছে তাঁদের দুজনের গান। ২ নম্বর অবস্থানে থেকে জাস্টিন বিবার গাইছেন ‘হোয়াট ডু ইউ মিন?’, ওদিকে দশম অবস্থান থেকে সেলেনার জবাব ‘গুড ফর ইউ’!
‘বেস্ট ফ্রেন্ড’ টেইলর সুইফট প্রসঙ্গে কথা বলতে তাঁর আপত্তি ছিল না কখনোই। সম্প্রতি যখন ‘শেক ইট অফ’ গায়িকা আর ক্যালভিন হ্যারিসের সম্পর্ক ভেঙে যাওয়ার গুজব রটেছে, তখনো বান্ধবীর পাশে দাঁড়িয়েছেন। গুজবটাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন টেইলর সুইফট স্কোয়াডের এই গুরুত্বপূর্ণ সদস্য। কষ্টের সময় ভুলে ফুরফুরে মেজাজে এখন তিনি অ্যালবামের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এ সপ্তাহেই, নিউইয়র্কের ‘টুডে শো’র কনসার্টে আকর্ষণীয় কালো পোশাকে দর্শকের চোখ ধাঁধিয়েছেন।
বিলবোর্ড ও হলিউড লাইফ অবলম্বনে