প্রত্যয় আবারও অভিনয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন পর আবারও অভিনয় করছেন প্রত্যয় খান। আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। জাফরীন সাদিয়ার রচনা ও মাসুদ রহমানের পরিচালনায় নাটকটির নাম ‘রিদম’। একজন তারকা সংগীত পরিচালকের জীবনের নানা ঘটনা নিয়ে রিদম নাটকের গল্প আবর্তিত হয়েছে।অভিনয় প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে প্রত্যয় বলেন, ‘অনেক দিন পর আবারও অভিনয় করছি। নাটকটির গল্প একজন সংগীত পরিচালককে নিয়েই। তাই কাজটি করতে রাজি হওয়া।’প্রত্যয় আরও বলেন, ‘গানটা যা একটু বুঝি কিংবা বোঝার চেষ্টা করি, অভিনয়ের কিন্তু কিছুই বুঝি না। পরিচালক যেভাবে বলেছেন, ক্যামেরার সামনে সেভাবেই কাজ করেছি। তবে রিদম নাটকের গল্পটা যেহেতু সংগীত-জীবনের নানা ঘটনা নিয়ে, তাই খুব একটা সমস্যা হচ্ছে না। মানে প্রতিদিন আমি মিউজিক নিয়ে যে কাজটা করে থাকি, নাটকটিতেও সেটা করে যাচ্ছি।’নিজের চরিত্র সম্পর্কে প্রত্যয় বলেন, ‘এখানে অপূর্ব ভাই দেশের নামকরা সংগীত পরিচালক। আর আমাকে দেখানো হবে উঠতি সংগীত পরিচালক হিসেবে, যে কি না গানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। এখানে অভিনয়ের যে বিষয়গুলো রয়েছে সেখানে অপূর্ব ভাইয়াও আমাকে বেশ সহযোগিতা করছেন।’ রিদম নাটকটিতে অভিনয়ের পাশাপাশি এর শিরোনাম সংগীত ও আবহ সংগীতের কাজটিও করছেন প্রত্যয় খান।মাসুদ রহমানের পরিচালনায় রিদম নাটকে আরও অভিনয় করছেন অপূর্ব ও ফারিয়া। প্রথম আলো ডটকমকে ফারিয়া বলেন, ‘একজন তারকা সংগীত পরিচালকের পারিবারিক এবং সামাজিক জীবনের নানা ঘটনা নিয়েই নাটকটি নির্মিত হচ্ছে। এখানে অপূর্বের চরিত্রটি দেশের নামকরা সংগীত পরিচালকের। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করছি আমি। এর বেশি আর গল্পটা বলতে চাচ্ছি না। তাহলে হয়তো নাটকের আসল রহস্যটাই বের হয়ে আসবে।’বাবা রিপন খান ও বড় ভাই হূদয় খানের দেখাদেখি সংগীত জগতে এসেছিলেন ১৪ বছরের প্রত্যয় খান। গত বছর ঈদ উপলক্ষে বাজারে এসেছিল প্রত্যয় খানের সুর করা গান নিয়ে মিশ্র অ্যালবাম এফএনএফ। একটি মাত্র অ্যালবাম দিয়েই আলোচনায় আসেন প্রত্যয়। গানের ফাঁকে অনুরোধে একটি নাটকে অভিনয়ও করেছেন প্রত্যয়। আনিসুল হকের লেখা ১৯ বছর পর নাটকটির পরিচালক ছিলেন পার্থ সরকার।