প্রত্যয়ী পারভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগেও পারভেজকে দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আনাচকানাচে গিটার হাতে। ঝাঁকড়া চুলের, শ্যামল বর্ণের এক তরুণ মগ্ন হয়ে গান করছেন। আর বন্ধু, সতীর্থরা শুনছে মুগ্ধ হয়ে। এই মুগ্ধতা পুরো ক্যাম্পাসে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে তাঁর গানের আড্ডাটা শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে, যা অচিরেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়া, কলাভবন, মধুর ক্যান্টিনের বাম পাশের শালিক চত্বর, জসীমউদ্দীন, সূর্যসেন ও এসএম হল, শহীদুল্লাহ হলের পুকুরপাড়, চারুকলা অনুষদ, আজিজ মার্কেট এবং বকশীবাজার প্রভৃতি জায়গায় বিস্তৃত হয়। এভাবে ক্যাম্পাসে অবাধ বিচরণ করতে করতেই তিনি এখন দেশের সংগীত ভুবনে এক পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। একদিন যে তরুণ গিটার হাতে শুধু বন্ধু-সহপাঠীদের সঙ্গে আড্ডায় মেতে থাকতেন, তাঁর গানই আজ সময়ের বিবর্তনে গানপিপাসু বহু মানুষের মুখে মুখে ফেরে। এই তো বছরদুয়েক আগের কথা। ২০০৮ সালের রমজানের ঈদে মুক্তি পেল হূদয় মিক্স নামে একটি অ্যালবাম। ওই অ্যালবামে পারভেজের ‘যাবি যদি উড়ে দূরে’ ও ‘এ জীবন’ গান দুটি সংগীত জগতে রীতিমতো সাড়া ফেলে দেয়। এফএম রেডিওতে বাজতে থাকে গান দুটি। এরপর দ্রুত এগিয়ে যাওয়ার পালা। এরই মধ্যে বাজারে আসে তাঁর প্রথম একক অ্যালবাম পথ। আলোচিত ওই অ্যালবামের ‘বৃষ্টি’, ‘পথ’, ‘কথা’, ‘কত যে ভালোবাসি’, ‘কোথায়’, ‘এভাবে শুধু’, ‘প্রিয় দেশ আমার’, ‘চোখ’ প্রভৃতি গান দারুণ জনপ্রিয়তা পায়। আর পেছনে তাকানো নয়, শ্রোতাপ্রিয়তার এই ধারাবাহিকতাকে সঙ্গী করেই পারভেজ এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন নতুন গানের ভুবনে। পারভেজের কাছে জানতে চাই, সংগীতজীবনে আসাটা কীভাবে? প্রথমেই তিনি বললেন মায়ের কথা। পারভেজ জানান, মা পারভীন আজাদ ছিলেন সংগীতের অনুরাগী। পেশাদার না হলেও নিয়মিতই চর্চা করতেন তিনি। আর তাই ছেলেবেলায় পারভেজ মায়ের মুখে ঘুমপাড়ানির গান যেমন শুনেছেন, তেমনি শুনেছেন রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও ক্লাসিক্যাল সংগীত। সংগীতে মায়ের কাছেই হাতেখড়ি পারভেজের। তারপর কলেজে পড়ার সময় ভারতীয় উচ্চাঙ্গসংগীতশিল্পী সঞ্জয় কৃষ্ণ বণিকের কাছে। তাঁর কাছে গান শেখার জন্য বকশীবাজার থেকে নিয়ম করে ছুটে যেতেন ওয়ারীতে। এ ছাড়া উত্তরায় সর্বশ্রী ফাউন্ডেশনে প্রথমে এর নিয়মিত শিক্ষক মেঘনা আমিন ও পরে দক্ষিণ ভারতীয় উচ্চাঙ্গসংগীতের শিল্পী ভীরা রাগবনের কাছে তালিম নেন। সংগীতে আদর্শ মনে করেন ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানকে। অবশ্য মাঝে একটি গানের দলও করেছিলেন পারভেজরা। কলেজে পড়ার সময় ১৯৯৮ সালে বন্ধুদের সঙ্গে দলবদ্ধ হয়ে মঞ্চে গান গাইতে শুরু করেন। ২০০৭ সালে দুই বন্ধু শোয়েব ও আমজাদের সঙ্গে মিলে গড়ে তোলেন গানের দল ‘আরিয়ানস’। ঢাকার বিভিন্ন মঞ্চে আরিয়ানস নিয়মিত গান করতে থাকে। এই গানের দলের সূত্র ধরে ইমপ্রেস অডিও অ্যালবাম থেকে প্রকাশিত প্রথম অডিও অ্যালবামে নিজের কণ্ঠকে বন্দী করেন অন্য রকম নামে একটি মিক্সড ব্যান্ড অ্যালবামে। এতে দলছুট, সোলস, পার্থিব ও নির্ঝরসহ ১০টির মতো ব্যান্ড গান গায়। এখানে পারভেজের গাওয়া ‘কষ্টের মেঘ’ গানটি শ্রোতাপ্রিয়তা পায়।পারভেজ বর্তমানে মঞ্চের পাশাপাশি বিভিন্ন লাইভ শো নিয়ে ব্যস্ত। মাঝেমধ্যে ঢাকার বাইরেও ছুটে যান গান গাইতে। পারভেজ জানান, পয়লা বৈশাখে প্রিন্স মাহমুদের সুরে বাজারে আসছে এমন একটি মিশ্র অ্যালবামে তাঁর গানও থাকছে। এ ছাড়া সিনেমায় গান করার ব্যাপারেও কথাবার্তা চলছে। সব মিলিয়ে এখন গানই পারভেজের ধ্যান-জ্ঞান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী পারভেজ সংগীতকেই পেশা হিসেবে নিতে চান। যাতে আজীবন থাকতে পারেন গান আর সুরের ভুবনে। পারভেজ বলেন, ‘এখন সময় এসেছে বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার। একদিন আমরাই বাংলা গান নিয়ে বিশ্ব দরবারে পৌঁছাব।’ প্রত্যয়ী পারভেজের জন্য রইল শুভ কামনা।