প্রথম অভিনয়ে বাজিমাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজমেরী আশা
আজমেরী আশা

‘আমি নায়িকা নয়, অভিনেত্রী হতে চাই।’ বলছিলেন ছোট পর্দার মডেল ও অভিনেত্রী আজমেরী আশা। অভিনেত্রী হওয়ার পেছনে চেষ্টাও চোখে পড়ার মতো। বললেন, ‘আমি যখন কোনো নাটকের চিত্রনাট্য হাতে পাই, পুরোটা পড়ে ফেলি। এরপর নিজের চরিত্র নিয়ে রীতিমতো গবেষণায় নেমে পড়ি। কীভাবে চরিত্রটিকে ফুটিয়ে তোলা যায়, এটাই তখন মাথায় ঘোরে।’ যার কথা বলা হচ্ছে, তিনি সময় পেলেই নানা দেশের নানা ধরনের চলচ্চিত্র দেখেন। সম্প্রতি এক দুপুরে এই অভিনেত্রী এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। অভিনয়ের ‘আশা’ ও সামনের দিনের ‘আশা’—দুটি বিষয়েই কথা হলো তাঁর সঙ্গে।
ছোটবেলায় গান শেখার প্রতি ঝোঁক ছিল। গানের স্কুলে ভর্তিও হয়েছিলেন তিনি। স্কুলজীবন পার না হতেই গান শেখায় ছেদ পড়ে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষে জীবনের গতিপথ পাল্টে যায় আশার। পাল্টে যাওয়ার ঘটনা বললেন এভাবে, ‘পরীক্ষা শেষ। অবসর। একদিন চিত্রগ্রাহক রফিকুল ইসলামের ফেসবুক পাতায় তাঁর নিজের তোলা একটি ছবিতে আটকে যায় আমার চোখ। ফোন নম্বর সংগ্রহ করে কথা বলি রফিকুল ভাইয়ের সঙ্গে। তারপর তাঁর কাছে ফটোসেশন করি। পরে তিনি ফেসবুক পাতায় আমার বেশ কিছু ছবি আপ করেন। সেই ছবি দেখেই বিভিন্ন ম্যাগাজিন ও ফ্যাশন হাউস থেকে ডাক আসতে থাকে।’ এভাবে বিনোদনজগতে পা রাখেন ছোট পর্দার এই উঠতি তারকা।
টুকটাক স্থিরচিত্রে মডেল হলেও মিডিয়ার প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না তিনি। ২০১২ সালে ছোট বোন পিয়া বিপাশার আগ্রহেই ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় অংশ নেন আশা। তিন মাসের গ্রুমিংয়ের পর ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রথম রানার আপ হন আশা। তিনি বলেন, ‘চূড়ান্ত পর্বের ফলাফল মিডিয়াতে কাজের প্রতি আরও সাহসী করেছে আমাকে।’
সবেমাত্র প্রতিযোগিতা থেকে বের হয়েছেন তিনি। এরই মধ্যে হঠাৎ একদিন চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা নামের একটি টেলিছবিতে কাজ করার প্রস্তাব আসে। এতে তাহসানের বিপরীতে তিনি ও তাঁর ছোট বোন পিয়া বিপাশা নায়িকা হবেন। আশা বলেন, ‘আমাদের দুই বোনেরই প্রিয় তারকা তাহসান। শুরুতেই তাহসানের সঙ্গে অভিনয়! রাজি হয়ে গেলাম। টেলিছবিটি থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছিলাম। অনেকই তো বিশ্বাসই করছিলেন না যে এটি আমার প্রথম অভিনয়!’
এরপর একের পর এক অভিনয় করেন সময়ের স্বপ্ন অসময়ের গল্প, দুই অঙ্কের শেষ, ভানুমতির খেল, চাঁদে চন্দ্রবিন্দু নেইসহ অনেক নাটকে।
একাধিক টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করে মডেল হিসেবে নাম কুড়িয়েছেন আশা।
সম্প্রতি থাইল্যান্ড থেকে হিংটিংছট নামের একটি ধারাবাহিকে কাজ শেষ করে ফিরেছেন। মেঘলা ও পোস্ট গ্র্যাজুয়েট নামের দুটি ধারাবাহিকের শুটিং চলছে।