প্রথম আলোকে এ আর রাহমানের বিশেষ সাক্ষাত্কার

ভারতের বরেণ্য চলচ্চিত্রকার মণি রত্নমের রোজায় সংগীত পরিচালকের দায়িত্ব পালন করার সময়ও এ আর রাহমান কল্পনা করতে পারেননি যে সংগীতে তাঁর অবস্থান কতটা সুদূরপ্রসারী হতে চলেছে। প্রথম আলোর সঙ্গে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে এ কথা জানালেন দু-দুটো অস্কারজয়ী ভারতের বিশ্বনন্দিত সুরকার ও সংগীতজ্ঞ এ আর রাহমান। তিনি বলেন, তাঁর ধারণা ছিল রোজাই তাঁর জীবনের প্রথম ও সর্বশেষ ছবি। তাই তাঁর সর্বস্ব তিনি সে ছবিতে ঢেলে দিয়েছিলেন।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেলিব্রেশন কনসার্টে গত বৃহস্পতিবার সংগীত পরিবেশন করতে এ আর রাহমান বাংলাদেশে আসেন। কনসার্টের মহড়া চলাকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম আলোকে তিনি এই বিশেষ সাক্ষাৎকারটি দেন।
সাক্ষাৎকারে এ আর রাহমান তাঁর বেড়ে ওঠা, গানের ভেতরে-বাইরের নানা প্রসঙ্গ, ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার মণি রত্নমের সঙ্গে তাঁর সম্পর্ক, ধর্মবোধ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে বিশদ আলোচনা করেন। সাক্ষাৎকারটির পুরো বিবরণ রইল নিচে।
প্রথম আলো: আপনিই বলুন, কোন প্রসঙ্গ নিয়ে আমরা সাক্ষাৎকার শুরু করব—আপনার জীবন, নাকি আপনার সংগীত?
এ আর রাহমান: সংগীতই তো মনে হয় ভালো, তাই না?
প্র. আ.: ঠিক আছে। সংগীত পরিচালক হিসেবে রোজা আপনার প্রথম চলচ্চিত্র। আর তাতেই পুরো উপমহাদেশ ভেসে গেল। দারুণ এক আত্মপ্রকাশ। শ্রোতারা চমকিত হয়ে ২৬ বছর বয়সী এমন এক যুবকের আবির্ভাব দেখল, যিনি তরতাজা ও চমকপ্রদ সুর সৃষ্টি করার জন্য শব্দকে সার্কাসের বলের মতো লোফালুফি করতে পারেন।
রাহমান: তাই কি, আমার বয়স কি তখন ২৬? উম্, না, না। আমার জন্ম তো ১৯৬৭ সালে, আর রোজা মুক্তি পায় ১৯৯২-এ। রোজার গানগুলো যখন আমি করছি, তখন আমার ২৫ বছর বয়স।
প্র. আ.: তাহলে তো আপনার বয়স তখন আমার ধারণার চেয়ে আরও এক বছর কম। প্রথম ছবিতে জীবনের প্রথম অ্যালবামে, ওই বয়সেই, সেই অসম্ভব সম্ভব করেছিলেন কীভাবে? ছবির গানগুলো করার সময় আপনার মাথায় কী খেলা করছিল?
রাহমান: আসলে তখনো আমার মাথায় এমন কোনো ভাবনা একেবারেই ছিল না যে ভবিষ্যতে আমি আরও কোনো ছবি করার সুযোগ পাব। আমি ভেবেছিলাম, রোজাই আমার প্রথম ও শেষ ছবি। ফলে ব্যাপারটা আমার কাছে ছিল অনেকটা এ রকম যে অবসর নেওয়ার আগে জীবনের শেষ ছবিতে সংগীতের কাজটুকু সেরে নাও। যতটা সম্ভব একেবারে সেরা উপায়ে। আবার একই সঙ্গে আরেকটি অনুভূতিও সে সময় আমি টের পাচ্ছিলাম। তখন আমার মধ্যে একধরনের আধ্যাত্মিক অনুভবের উন্মেষ ঘটছিল। সুফি-জাতীয় বিষয়াদির সঙ্গে আমি জড়িয়ে পড়েছিলাম। একটি অজানা প্রত্যয় আমার মধ্যে ভর করেছিল। গানগুলোর সুর যেন ঠিক আমি নিজেই করিনি, বরং গানগুলো আমার মধ্য দিয়ে বেরিয়ে এসেছিল।
প্র. আ.: আপনার মনে হচ্ছিল, আপনি অনেকটা একধরনের মাধ্যম মাত্র?
রাহমান: হ্যাঁ, একধরনের; আক্ষরিক অর্থে ঠিক পুরোপুরি নয়। আমার একটি ভূমিকাও যে তাতে থাকছে, সে রকম একটি বোধও কোথাও আমার মধ্যে কাজ করছিল।
প্র. আ.: আমরা জানি, চলচ্চিত্রের জন্য সংগীত পরিচালনা করার সময় কৈশোরে বাবাকে আপনি সাহায্য করতেন। দক্ষিণ ভারতের কিংবদন্তি সুরকার ইল্লায়ারাজার দলে আপনি বাদ্যযন্ত্রী ছিলেন। বন্ধুদের সঙ্গে ‘নেমেসিস অ্যাভিনিউ’ নামে রক গ্রুপ গড়ে তুলেছিলেন। বিজ্ঞাপনের জিংগেলেও সুর করেছেন। কিন্তু কোনো ছবির গানে সুর দেওয়ার পুরো দায়িত্বটি এই প্রথমবারের মতো আপনার কাঁধে এসে পড়ল।
রাহমান: একটা কথা আমি বলতে চাই। সংগীত পরিচালকেরও আগে কিন্তু আমি একজন ভালো শ্রোতা। নিজের সুর করা গান শোনার সময়ও একেবারে তৃতীয় একজন ব্যক্তির মতো আমি সেটির বিচার করতে পারি। গানের ভালো-মন্দ বুঝতে এটি আমাকে অসম্ভব সাহায্য করে।
প্র. আ.: প্রথম ছবি থেকে শুরু করে গুরু বা রাবণ পর্যন্ত মণি রত্নমের পরবর্তী সব ছবির সুর আপনি করেছেন। আপনার শ্রেষ্ঠতম বহু গানের সুর তাঁর ছবিতে ধরা আছে। মণি রত্নমের কাছে কি আপনি এমন কিছু পান, যা আপনাকে দিয়ে ও রকম গান করিয়ে নেয়? নাকি তাঁর ছবিতে আপনি নিজেই সব সময় অতিরিক্ত কিছু দেওয়ার চেষ্টা করেন?
রাহমান: ব্যাপারটা কিন্তু আসলে এ রকম নয় যে মণি রত্নমের জন্য আমি অতিরিক্ত বা উচ্চতর কিছু দিতে চাই। তাঁর ছবিতে সুর করার সময় নিজেকে আমি বলি, আসো, এবার কিছু একটা করি। ভালো একটা দলের সঙ্গে কাজ করলে অন্য আর কিছু নিয়ে ভাবতে হয় না। নির্ভার হয়ে সাবলীলভাবে সৃষ্টিশীল প্রক্রিয়াটির মধ্যে ঢুকে পড়া যায়। মণি রত্নমের সঙ্গে কাজ করার প্রক্রিয়াটি আমি খুব উপভোগ করি। ব্যাপারটা তখন আর শুধু কাজ করার জন্য কাজ করার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাঁর মন উন্মুক্ত। তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেন, যাতে আমি বা আর সবাই নিজেদের সেরা জিনিসটা বের করে আনতে পারেন।
প্র. আ.: কী রকম পরিস্থিতি তিনি তৈরি করেন? একটি সিকোয়েন্সের মেজাজ বা গানের ভাব বুঝিয়ে আপনাকে একেবারে ছেড়ে দেন? নাকি সুরের নির্দিষ্ট একটি ধরন আপনার ভেতর থেকে নিংড়ে নিয়ে আসেন।
রাহমান: দুরকমই। কখনো কখনো তিনি চূড়ান্ত নমনীয়। কখনো কখনো আবার খুবই কঠোর। যেমন তাঁর বম্বে ছবিটির কথাই ধরা যাক। সেখানে সবকিছু ছিল ধরে দেওয়া, একদম সুনির্দিষ্ট। অনেক ছবিতে আবার তিনি আমাকে ছেড়েও দিয়েছেন। বলেছেন, যাও, যা করতে চাও করো।
প্র. আ.: আপনার গানে ফিরে আসি। প্রথম, এমনকি দ্বিতীয় ছবিতেও আপনার সুরের ওপর মূল ছায়াটি ছিল লোকগানের। আবার বম্বে ছবিটি থেকেই আরব ও রকধাঁচের সুরের দিকে আপনি ঝুঁকে পড়তে থাকেন। এর পর তো হিন্দুস্তানি, কর্ণাটকী, পাশ্চাত্য ধ্রুপদি, জ্যাজ, রেগে—পুরো পৃথিবীর সুরধারা আপনার গানে আছড়ে পড়তে শুরু করল। কিন্তু লোকধাঁচের সরল গানে আপনি আর সেভাবে ফিরে এলেন না।
রাহমান: দেখুন, আসলে আমি কোথাও সরে যাইনি। একই জিনিস বারবার শোনাতে থাকলে তো শ্রোতারা একসময় একঘেয়ে হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তখন একই জিভেয় স্বাদের বৈচিত্র্য নিয়ে আসা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আরেকটা ব্যাপারও আছে। আমার কাছে যেসব ছবি আসতে শুরু করে, সেগুলোর কাহিনিও ছিল নানা রকমের। একই রকম ছবি করতে থাকলে না গানের সুরগুলোও একই রকম হতে শুরু করবে। কিন্তু ছবির প্রেক্ষাপট তো বিচিত্র। শহরের ছবি, গ্রামের ছবি, পৌরাণিক ছবি, ঐতিহাসিক ছবি, গোয়েন্দা ছবি। পটভূমি এই পাঞ্জাব তো এই রাজস্থান। আমাকে সুর রচনা করতে হয় এগুলোকে শর্ত হিসেবে মেনে নিয়েই। গানগুলো তো ছবিরই জন্য। হ্যাঁ, সুরের সেই ভাষ্যটা আমার নিজের। সেটা ঠিক আছে।
প্র. আ.: আপনার কাছে আমার এ নিয়েই একটি প্রশ্ন আছে। চলচ্চিত্রে সুনির্দিষ্ট কাহিনি, সিকোয়েন্স ও পাত্রপাত্রীর ভেতরে থেকে একটি লিরিকের সাংগীতিক সম্ভাবনা আপনাকে খুঁজে বের করতে হয়। সেটি একধরনের চ্যালেঞ্জ তো অবশ্যই। আবার ‘বন্দে মাতরম’ বা ‘জন গণ মন’-এর মতো কোটি কোটি মানুষের সহস্রবার গাইতে গাইতে অন্ধিসন্ধি মুখস্থ হয়ে যাওয়া গান নতুন স্বাদে তুলে দেওয়াও নিশ্চয় বিরাট এক চ্যালেঞ্জ। এ দুটোর মধ্যে...
রাহমান: সত্যি বলতে কি, দ্বিতীয় ধরনের গানগুলো করার মধ্য দিয়ে সুর-রচয়িতা হিসেবে আমার ভূমিকার আরও প্রসার ঘটেছে। শুরুতে তো সিনেমার গানের জন্য সুর করা ছাড়া অন্য কোনো ভূমিকার কথা আমার কল্পনার সীমানাতেও ছিল না। কিন্তু ভারতবালার মতো আমার যুবক চিত্রনির্মাতা বন্ধুরা একবার ভাবলেন, আমাকে নিয়ে একটি মিউজিক ভিডিও করা যাক। প্রথমে ‘বন্দে মাতরম’ করা হলো। আমিও তখন যুবক। কিন্তু ঘটনা হচ্ছে, ১২ বছর বয়স থেকেই আমি প্রবীণদের সঙ্গে কাজ করে আসছি। এই গানটা করতে গিয়ে আমি অকস্মাৎ টের পেলাম, আরে, আমিও তো আসলে যুবক। তারপর হলো কি, ওই গানটা কী করে যেন একটি রাজনৈতিক মাত্রা পেয়ে গেল। গানটা আমার ভূমিকাও যেন কেমন করে অনেকটা বদলে দিল। এ গানের মধ্য দিয়ে আমার পরিচয় যেন সংগীত পরিচালকের জায়গা থেকে কিছুটা ছাপিয়ে গেল। যে প্রীতি আমি পেলাম, সেটুকু কাজে লাগিয়ে ভারতবালা তখন ‘জন গণ মন’ গানটি করলেন। সেটি ছিল অন্য রকমের এক প্রেরণাময় অনুভূতি। অন্য সব গানের চেয়ে এই গানের অভিজ্ঞতা সম্পূর্ণভাবে আলাদা।
প্র. আ.: এই দুই ধরনের গানেই কিন্তু আপনাকে কাজ করতে হয়েছে অন্যের শর্তের মধ্যে। একটিতে পরিচালকের ও কাহিনির; অন্যটিতে তো গানগুলো আগে থেকেই তৈরি ও সবার জানা। এসবের গানে কি সুর রচয়িতা হিসেবে আপনি পূর্ণ তৃপ্তি পান? আপনার নিজের জন্য সুর রচনা করতে ইচ্ছা করে না? ভারতীয় গানে আপনি ভিন্ন স্বাদ, শৈলী ও রুচি দিয়েছেন। কিন্তু একেবারে নিজের কোনো গানে নিজের আত্মা ও সত্তাও কি পুরোটা ঢেলে দিতে আপনার মন আকুল হয়ে ওঠে না?
রাহমান: সত্যি বলতে কি, নিজের গানের অ্যালবামেই শুধু সেটি করা সম্ভব। আমি যে সেটা করিনি, তাও নয়। তবে খুব বেশি পারিনি। সে রকম কাজ আমি আরও করতে চাই। কিন্তু চলচ্চিত্রের স্রোত সেখান থেকে আমাকে হটিয়ে দেয়। শুধু হটিয়ে দেয় না, একেবারে ভাসিয়ে নিয়ে যায়। আবার ধরুন, ব্যক্তি ও সামাজিক মানুষ হিসেবে নানা রকমের দায়ও তো আমাদের বহন করতে হয়। সে জন্য ছবির কাজ করতেই হয়। তাই বলে আবার ভাববেন না যে ছবির গান করতে আমি ভালোবাসি না। আমি সেটা খুবই ভালোবাসি।
প্র. আ.: শুরুর দিকে আপনার গান ছিল সরল ও সুরেলা; চটজলদি আকর্ষণ করার মতো। আপনার গান ধীরে ধীরে জটিল হতে শুরু করে। বিশেষ করে ১০-১৫ বছর ধরে আপনার গান নতুনতর চেহারা পেয়েছে। এখন গানের মূল সুরের চারপাশ ঘিরে আরও নানা সুরের জটিল একটি বিন্যাস থাকে। মনে পড়ছে, নুসরাত ফতেহ আলী খানের সঙ্গে ‘চান্দা সুরজ লাখোঁ তারে’ গানটি করার সময় আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, এ গানের ভেতর শ্রোতারা স্থানের একটি ব্যাপ্তি অনুভব করবে। আপনার গানের এই অভিযাত্রাটি নিয়ে কিছু বলবেন?
রাহমান: আসলে শব্দ নিজেই আপনাকে এ ধরনের অনুভূতি দিয়ে থাকে। রুদ্ধ ঘরে বসে থাকলে শব্দই বলে দেবে, আপনি কোথায় আছেন। আবার চোখ বন্ধ করেও যদি আপনি রাজপথে উঠে আসেন, শব্দেই আপনি বুঝতে পারবেন, এটি রাজপথ, চারপাশটা খোলা। শব্দের এ এক অপূর্ব খেলা। তা ছাড়া সুর রচনার সময়ও তো আপনি একই জায়গায় বসে থাকতে পারেন না। সেটা একসময় ক্লান্তিকর হয়ে পড়বে, আপনার ও শ্রোতার—দুজনের পক্ষেই। আসলে প্রবল উদ্দীপনাই আমাদের অনবরত টেনে নিয়ে যেতে থাকে।
প্র. আ.: আপনার মধ্যে আমরা একটি ধর্মভাব টের পাই। শুনেছি, তরুণ বয়সে আপনার ছোট বোনের অসুস্থতার সময় এক ধর্মগুরুর সংস্পর্শে আপনার এই পরিবর্তন ঘটে। আপনার জীবন ও সংগীতের ওপর এই আধ্যাত্মিক অনুভূতির কি কোনো প্রভাব পড়েছে?
রাহমান: এটা অনেকটা সূর্যের কাছ থেকে আলো গ্রহণ করার মতো। সূর্যের কাছ থেকে, ৪০ ওয়াটের বাতির কাছ থেকে নয়। বাতি আপনাকে জানান দেয়, সূর্য নয়। সূর্য কোটি কোটি লোককে আলো দিচ্ছে, তারা চায় কি চায় না তার বিন্দুমাত্র তোয়াক্কা না করে। আপনি যে সূর্যের কাছ থেকে নিচ্ছেন, তাও কিন্তু অসচেতনভাবেই। প্রকৃতি আমাদের বিস্ময়ে স্তব্ধ করে দেয়। প্রকৃতির সৌন্দর্যে আমরা ভরে উঠি, অনুপ্রাণিত হই।
প্র. আ.: আপনি তো রীতিমতো শিশুপ্রতিভা ছিলেন। অতি অল্প বয়স থেকেই আপনি হারমোনিয়াম, কি-বোর্ড, গিটার এসব বাজাতে পারতেন।
রাহমান: না, না, মোটেও সে রকম কিছু নয়। আমি মোটেই শিশুপ্রতিভা ছিলাম না।
প্র. আ.: আমরা জানি, নয় বছর বয়সে আপনি আপনার বাবার সঙ্গে কি-বোর্ড বাজাতেন।
রাহমান: অল্প বয়সে আমি আমার বাবার সঙ্গে বাজিয়েছি, সেটা ঠিক আছে। তার মানে এই নয় যে আমি শিশুপ্রতিভা ছিলাম।
প্র. আ.: এই সাক্ষাৎকার বের হলে বাংলাদেশের পাঠকেরা জানবেন, আপনি শুধু ভালো সংগীতজ্ঞই নন, অসম্ভব বিনয়ীও। সেটা ঠিক আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বহু শিশুপ্রতিভাকে আমরা নিঃশেষিত হয়ে যেতে দেখেছি। আপনার টিকে যাওয়ার রহস্যটা কী? আপনার ভেতরে এমন কোনো প্রেরণা কি আপনি অনুভব করেন, যা আপনাকে ক্রমাগত সামনের দিকে ঠেলে দিচ্ছে?
রাহমান: কারও মধ্যে যদি দেওয়ার বাসনা থাকে, তাহলেই তিনি কঠোর পরিশ্রম করে যেতে পারেন। শিল্পীদের ক্ষেত্রে এ সুবিধা অপার। আপনি গানকে দিচ্ছেন, এই শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা লাখ লাখ মানুষকে দিচ্ছেন, দেশ-বিদেশের কোটি কোটি শ্রোতাকে দিচ্ছেন। এই দেওয়া আপনাকে ক্রমাগত সামনের দিকে নিয়ে যেতে পারে। বিপদ ঘটে যখন আপনার মধ্যে নেওয়ার বাসনা জেগে ওঠে। আপনি যখন দিতে থাকেন, তখন সেটা আপনাকে শুধু সামনেই এগিয়ে নিয়ে যায় না, আপনার মধ্যে একটা আনন্দেরও জন্ম দেয়। কারণ, জীবন তখন আপনার সামনে একটি অর্থ নিয়ে এসে দাঁড়ায়।