প্রথম আলোর কার্যালয়ে রমেশ সিপ্পি ও মুকেশ ভাট
আজ মঙ্গলবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এলেন বলিউডের প্রখ্যাত পরিচালক রমেশ সিপ্পি এবং প্রযোজক ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসারস গিল্ড অব ইন্ডিয়া লিমিটেডের প্রেসিডেন্ট মুকেশ ভাট। মতবিনিময়ের সময় তাঁরা ভারতের চলচ্চিত্রকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের চলচ্চিত্র-সংশ্লিষ্ট লোকজনের প্রতি আহ্বান জানান। তাঁদের মতে, এর ফলে সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। তাতে লাভবান হবে বাংলাদেশের চলচ্চিত্র। এ সময় আরও উপস্থিত ছিলেন ভারতের রিলায়েন্স বিগ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শিবাশীষ সরকার।
গতকাল সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে তাঁরা ঢাকায় এসেছেন।
মুকেশ ভাট জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলচ্চিত্র-বিনিময় এবং বিনিয়োগ বিষয়ে মতবিনিময় করতেই তাঁরা ঢাকায় এসেছেন।
গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে তথ্য মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে যোগ দেন রমেশ ও মুকেশ। এ আয়োজন ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ দেশের সংস্কৃতি অঙ্গনের কয়েকজন তারকা।
অনুষ্ঠানে দেশীয় তারকাদের মধ্যে ছিলেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা কেয়া ও পরীমনি, অভিনেত্রী কুসুম শিকদার, কণ্ঠশিল্পী কনা ও কোনাল।
এর আগে ছয় সদস্যের এই প্রতিনিধিদল বেলা তিনটায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করে। এদিকে আজ সোমবার ভারতীয় প্রতিনিধিদলের সদস্যরা তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন। সেখানে দুই দেশের মধ্যে চলচ্চিত্র-বিনিময় ও বিনিয়োগের ব্যাপারে আলোচনা হয় বলেও জানা গেছে।
রমেশ সিপ্পি বলিউডের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল ছবি ‘শোলে’র (১৯৭৫) পরিচালক। ৬৮ বছর বয়সী এই পরিচালকের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘আন্দাজ’ (১৯৭১), ‘সীতা অউর গীতা’ (১৯৭২), ‘শান’ (১৯৮০), ‘শক্তি’ (১৯৮২), ‘ভ্রষ্টাচার’ (১৯৮৯), ‘জামানা দিওয়ানা’ (১৯৯৫), ‘জামিন (১৯৮৭) ও ‘সাগর’ (১৯৮৫)।
অন্যদিকে, মুকেশ ভাট বলিউডের নামকরা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ ফিল্মসের সহ-মালিক। ‘আশিকি’ ও ‘আশিকি টু’ তৈরি হয়েছে তাঁরই প্রযোজনায়। ৬৩ বছর বয়সী এই পরিচালকের ছোট ভাই মহেশ ভাট। বলিউড অভিনেত্রী-পরিচালক পূজা ভাট, অভিনেতা এমরান হাশমি, রাহুল ভাট ও অভিনেত্রী আলিয়া ভাটের চাচা তিনি।
কাল বুধবার দুপুরে রমেশ সিপ্পি ও মুকেশ ভাটের ঢাকা ছাড়ার কথা।