

শুনেছি বাংলাদেশে আপনার বন্ধু আছে। কী নাম?
হ্যাঁ, বাংলাদেশে আমার ঘনিষ্ঠ বন্ধু থাকে। ওর নাম চম্পা খান।
বাংলাদেশে গিয়েছেন কখনো?
না, চম্পা আমাকে অনেকবার বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। খুব ইচ্ছা আছে একবার বাংলাদেশে যাওয়ার।
আপনার ছবির কথায় আসি। ‘গোলমাল আগেইন’-এ কাজ করার কোনো বিশেষ কারণ আছে?
প্রথমত এই ছবিতে আমার চরিত্রটা ভীষণ ভালো লেগেছে। তা না হলে আমি কখনোই কাজ করতাম না। তারপর গোলমাল-এ একসঙ্গে অনেক ভালো অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আর আমি এদের অনেকের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। ইতিমধ্যে গোলমাল প্রতিষ্ঠিত এবং সফল একটা ফ্র্যাঞ্চাইজি। আর এই ছবি থেকে অন্যতম সেরা পাওনা জনি লিভারের মতো অভিনেতার সঙ্গে সারা দিন কাটানো। জনি ভাই, সঞ্জয় মিশ্র, মুকেশজির সঙ্গে আড্ডা মারা। ওদের থেকে অনেক কিছু জানা। নানান মজার মজার মুহূর্ত কাটানো। এসব কিছু আমার কাছে থেরাপি ছিল।
৩০ বছরেরও বেশি আপনি এই চলচ্চিত্রের দুনিয়ায়। কী রকম আপনার এই ফিল্মি সফর?
আমার এই সফর খুব চ্যালেঞ্জিং এবং কঠিন ছিল। আমার মা, নানা-নানি সবাই শিক্ষার দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। আমি ও আমার দিদি যেহেতু ফিল্মি দুনিয়ার বাইরে থেকে এসেছি, তাই প্রথমে খুব একটা স্বাচ্ছন্দ্যে ছিলাম না এই পরিবেশে। আমাদের দুনিয়া থেকে এই ফিল্মি দুনিয়া একদমই আলাদা। আমি কখনোই অভিনেত্রী হতে চাইনি। ঘটনাক্রমে অভিনয়-জগতে চলে আসি। তাই প্রতিবছরই এই সিনেমা-জগৎ থেকে পালিয়ে যেতে ইচ্ছা করত। বিরাসত ছবির পর সত্যি করে মনে হয়েছিল আর ছবি করব না, চলচ্চিত্রের দুনিয়া থেকে পালিয়ে যাব। কী করে জানি না এই ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে দিলাম। এই দুনিয়ায় প্রচুর পরিবর্তন দেখেছি। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির বেসিক নেচার কখনো বদলায়নি, আর বদলাবেও না। এই ইন্ডাস্ট্রির এমন কিছু গ্রোথ হয়েছে বলে আমার মনে হয় না। আমরা অভিনেতারা একই কাজ করে চলেছি। তবে অ্যাংগ লি, গুলজার সাব, মনিরত্নম-এর মতো পরিচালকের সঙ্গে কাজ করেছি। আর এদের সঙ্গে কাজ করার সুবাদে আমি অনেক কিছু শিখেছি। এদের প্রত্যেকের স্বতন্ত্র চিন্তাভাবনা। তবু এরা ফিল্ম-জগতের লোক। আর এরা ছবিই বানায়। তবে এই দুনিয়ার বাইরের জগৎ থেকেও আমি অনেক কিছু শিখেছি। ফিল্ম-জগতের বাইরেও বিশাল এক দুনিয়া আছে।
অভিনেত্রী হতে চাননি। তাহলে কী হতে চেয়েছিলেন?
আমি ট্র্যাভেল করতে ভীষণ ভালোবাসি। তাই আমি এয়ারহোস্টেস হতে চেয়েছিলাম। আমার উচ্চতার জন্য আমি আন্তর্জাতিক বিমান সংস্থায় চাকরিও পাই। অভিনয়-জগতে চলে আসি, তাই আর চাকরি করা হয়ে ওঠেনি। তবে ঈশ্বর আমার ইচ্ছা পূরণ করেছেন। আজ অভিনয়ের সুবাদে প্রচুর জায়গায় বেড়াতে পারি।
আপনি এত বেড়াতে ভালোবাসেন। কোথায় বারবার ফিরে যেতে চান?
দেখুন, আমেরিকায় যেহেতু আমার পরিবার থাকে, তাই ওটা আমার দ্বিতীয় বাড়ি। আমি প্রতিবছর আমেরিকায় ছুটি কাটাতে যাই। ওখানে খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার মিসর, মরক্কো দারুণ লেগেছে। তবে আমার পূর্ব আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সুইডেন, স্পেন যাওয়ার খুব ইচ্ছা আছে। আরও অনেক দেশকে চিনতে, জানতে চাই।

আপনার ছবির চিত্রনাট্য নির্বাচনের সময় কোনটায় বেশি জোর দেন?
প্রথমে চরিত্রটা আমার পছন্দের হওয়া চাই। আমার অভিনীত চরিত্রটার ওই ছবির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রাধান্য দিই। পরিচালকের ওপর আমার আস্থা থাকা প্রয়োজন। প্রজেক্টের প্রতিও আমার ভরসা থাকা দরকার। আর আমার চরিত্রটা আমাকে যেন উদ্বুদ্ধ করে। অনেক সময় তা হয়তো করে না। কিন্তু ভালো পরিচালক, ভালো প্রজেক্ট হওয়া খুব জরুরি।
আপনাকে নানান চরিত্রে দেখা গেছে। আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটা বলে মনে হয়?
আমার অভিনীত সব কটি চরিত্রই চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং চরিত্র ছাড়া আমি আজ পর্যন্ত কিছু করিনি। আমাকে উপরওয়ালা কোনো কিছু সহজে দেয়নি।
পর্দায় আপনাকে প্রায় সব সময় দৃঢ়চেতা নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যায়। শুনেছি, ব্যক্তিগত জীবনেও আপনি তা-ই। আপনি কার কার থেকে প্রেরণা পেয়েছেন?
আমি অনেক শক্তিশালী নারীর আশপাশে বড় হয়ে উঠেছি। তাঁদের জার্নি কাছ থেকে দেখে প্রেরণা পেয়ে এসেছি। প্রিয়া তেন্ডুলকর ১৩ বছর আমার প্রতিবেশী ছিলেন। তাঁকে দেখেও আমি খুব উৎসাহ বোধ করি।
আপনি কি কখনো প্রযোজনা অথবা পরিচালনার কথা ভেবেছেন?
কখনোই না। আমি অভিনেত্রী হিসেবে খুব সুখী। সেজেগুজে মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়ি। আর সত্যি বলতে, ফিল্মি দুনিয়ার প্রতি আমার অতটা ভালোবাসা নেই যে সারা জীবন এই কাজ করে যাব। অনেক কষ্ট করে অভিনয় করি।
অভিনয়ের বাইরে কীভাবে সময় কাটান?
ঘুরে বেড়াই, ছবি তুলি, লেখালেখি করি, মাঝেমধ্যে বই পড়ি। তবে বই পড়তে অতটা মনঃসংযোগ করতে পারি না।
তুষার কাপুর বলেছিলেন, আপনার সঙ্গে ওর পুত্র লক্ষের দারুণ বন্ডিং হয়ে গিয়েছিল—
একদমই তাই। লক্ষের সঙ্গে সময় কাটানো গোলমাল আগেইন-এর শুটিং সবচেয়ে সেরার সেরা মুহূর্ত। আমি খুবই খুশি যে তুষার লক্ষকে সেটে নিয়ে এসেছিল, আর আমি ওর সঙ্গে সময় কাটাতে পেরেছিলাম। প্যাকআপের পর রোজকার রুটিন ছিল যে আমি লক্ষের ঘরে গিয়ে ওর সঙ্গে সময় কাটাব। হায়দরাবাদের প্রচণ্ড গরমে শুটিংয়ের পর লক্ষের সঙ্গে খেলে সব ক্লান্তি দূর হয়ে যেত। আর লক্ষ খুব মিষ্টি একটা ছেলে। ওর সঙ্গে আমার দারুণ বন্ডিং হয়ে গিয়েছিল। শুটিং শেষ হওয়ার পর লক্ষকে খুব মিস করি।
অজয় দেবগনের সঙ্গে আপনার অনেক পুরোনো সম্পর্ক। শুনেছি, উনি নাকি আপনার ব্যাপারে খুবই পজেসিভ ছিলেন?
হ্যাঁ, অজয়ের সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক। ও আমার দাদার বন্ধু ছিল। আর জানেনই তো দাদার বন্ধুরা কেমন হয়। তাই অজয়ও আমার ব্যাপারে খুবই পজেসিভ ছিল। অজয়কে যখন সহ-অভিনেতা হিসেবে পেলাম, তখন অভিনয়ের কাজটা আরও সহজ হয়ে গেল। সেটে ওর সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্যে কাজ করি। মাঝেমধ্যে অজয় ভুলেই যায় যে আমরা শুটিং স্পটে আছি।
ফিল্ম-জগতে ৩০ বছরের বেশি সময় কাটিয়েছেন। এতগুলো বছরে এই জগৎ থেকে কী পেলেন, আর কীই-বা হারালেন?
সব সময় মনে হয় আমি ট্রেডমিলে দৌড়াচ্ছি। কারণ, ট্রেডমিলে যতই দৌড়ান না কেন, আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। এই ইন্ডাস্ট্রিতে আমার এ রকমই অনুভূতি হয়। তবে এই জগৎ থেকে আমি যা পেয়েছি, তা পাওয়ার জন্য আগে থেকে কিছু পরিকল্পনা করিনি। সময়ের সঙ্গে সঙ্গে আপনা হতে তা চলে এসেছে। যশ পেয়েছি, যার প্রতি আমার খুব একটা মোহ নেই। তবে প্রচুর সম্মান ও ভালোবাসা পেয়েছি। ভালো বন্ধু পেয়েছি। অনেক জায়গায় বেড়াতে যেতে পেরেছি। আর্থিক নিরাপত্তা পেয়েছি। হায়দরাবাদে নিজের মনের মতো বাংলো বানিয়েছি। এবার কী হারিয়েছি, তাই তো? আমার হায়দরাবাদকে হারিয়েছি।