প্রথম ছবিতে কবরী কেন চড় খেয়েছিলেন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবরী
কবরী

বাংলা সিনেমাপ্রেমী সবার কাছে কবরী মিষ্টি মেয়ে হিসেবেই পরিচিত। এমন মিষ্টি মেয়েকে কি কেউ চড় মারতে পারে? কিন্তু এমন ঘটনাও ঘটেছে বাংলাদেশি সিনেমার গুণী অভিনয়শিল্পী কবরীর ক্ষেত্রে। জীবনের প্রথম সিনেমা ‘সুতরাং’-এর শুটিংয়ে পরিচালক ও নায়ক সুভাষ দত্ত চড় মেরেছিলেন কবরীকে। কিন্তু কেন!

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবরীর প্রথম বই ‘স্মৃতিটুকু থাক’। প্রথম লেখা বইয়ে শুটিং সময়ের অনেক মজার ঘটনা তুলে ধরেছেন বাংলাদেশি সিনেমার গুণী এই অভিনয়শিল্পী।
‘সুতরাং’ সিনেমার প্রথম দিনের শুটিং হয়েছিল ঢাকার গুলশান পার্কে। সেদিনের ঘটনা উল্লেখ করে কবরী লেখেন, ‘চারিদিকে আম, কাঁঠাল আর পেয়ারা গাছে ভরা। শাড়ি পরে আমাকে পেয়ারা গাছের ডালে বসতে হয়েছে। এদিকে শট ধরার জন্য ক্যামেরা আমার পায়ে ফোকাস করা। পেয়ারা পাড়তে গিয়ে ডাল ভেঙে শাড়ি জড়িয়ে এক্কেবারে মাটিতে পড়ে যাই। প্রথমে বুঝতে পারিনি, পরে দেখি হাঁটুর নিচে চামড়া ছিলে রক্ত ঝরছে। ব্যথা করেছ। কিন্তু ভয়ে জোরেশোরে কাঁদতে পারছি না। ক্যামেরাম্যান কিউ এস জামান ও পরিচালক সুভাষ দত্ত ছুটে এলেন। তিনি এই ছবির নায়কও। অবস্থা দেখে এক মুঠো ঘাস কচলিয়ে আমার পায়ে লাগাতে গেলেন। আমি কিছুতেই শাড়ি সরাতে দিচ্ছিলাম না। তখনই ঠাস করে চড় মারলেন আমাকে। অপমানে ব্যথায় ভ্যা করে কেঁদে দিলাম। শুটিং শেষে সবাই অবশ্য খুব আদর করল। বলল, শটটা সুন্দর হয়েছে।’

‘সুতরাং’ সিনেমার দৃশ্যে সুভাষ দত্ত ও কবরী
‘সুতরাং’ সিনেমার দৃশ্যে সুভাষ দত্ত ও কবরী

কবরী এও লেখেন, ‘সেদিনের শুটিং শেষে দত্তদা এসে জিজ্ঞেস করলেন, “অ্যাই খুব লেগেছে?” এমন আদুরে কথায় নতুন করে অভিমানে গলা ভার হয়ে ওঠে। চোখ জল ছলছল। আস্তে আস্তে মাথা নেড়ে জানালাম, হ্যাঁ খুব লেগেছে। এরপর দত্তদা বললেন, “ধুর পাগলি। কাঁদতে হয় নাকি! কত ব্যথাই তো আমরা পাই, একটুও কাঁদি না। সিনেমায় অভিনয় করতে এসেছ, অনেক কষ্ট করতে হবে। তা না হলে নাম হবে কেমন করে?”’
‘স্মৃতিটুকু থাক’ বইয়ে কবরীর বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অনেক কিছু স্থান পেয়েছে।
বইটি প্রসঙ্গে কবরী বলেন, ‘আমার জীবনের অজানা কিছু কথা লিখেছি। বইটি পড়ে একজন পাঠকও যদি উপকৃত হন, তবে আমার সার্থকতা। সত্যি বলতে, বই লিখতে বসে আমি কোনো কিছু আড়াল রাখিনি।’
বইটির ভূমিকা লিখেছেন কবি নির্মলেন্দু গ‌ুণ। প্রকাশ করছে বিপিএল প্রকাশনী। ১৯৭৬ সালে কবরী অভিনীত ‘স্মৃতিটুকু থাক’ ছবি মুক্তি পায়। এখান থেকেই বইটির নাম নিয়েছেন কবরী।