প্রথম জুটি হলেন রাজ্জাক-মিতা চৌধুরী
এবারই প্রথম একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ‘নায়ক রাজ’খ্যাত অভিনেতা রাজ্জাক ও মিতা চৌধুরী। সামনের ঈদের জন্য নির্মিত ‘ধ্রুবতারা’ নামের একটি টেলিছবিতে তাঁদের একসঙ্গে জুটি হয়ে অভিনয় করতে দেখা যাবে। ধ্রুবতারা পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী।এ প্রসঙ্গে রাজ্জাক বলেন, ‘আমি কয়েক দিন ধরেই পুবাইলে ঈদের কয়েকটি নাটকের শুটিং করছিলাম। এদিকে চয়নিকা আমাকে বেশ কয়েক দিন ধরেই আমাকে ধ্রুবতারা টেলিছবিটিতে অভিনয়ের জন্য অনুরোধ করে আসছিল। এরই মধ্যে সে একদিন আমার শুটিং স্পটে এসে হাজির। আমাকে গল্পটি শোনাল। এরপর চিত্রনাট্য হাতে পাওয়ার পর আমি নিজেও পড়েছি। খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে, গল্পে একটা নতুনত্ব আছে। আর চয়নিকা চৌধুরীও কিন্তু খুব ভালো নির্মাতা। ওর কাজ আমি দেখেছি। তাই কাজটি করতে রাজি হয়ে গেলাম।’এদিকে সহশিল্পী মিতা চৌধুরী সম্পর্কে রাজ্জাক বলেন, ‘এখন পর্যন্ত মিতার সঙ্গে আমার কোনো টেলিভিশন প্রযোজনায় কাজ করা হয়নি। যখন মিতা টেলিভিশন নাটকে নিয়মিতভাবে অভিনয় করছিল, আমি তখন চলচ্চিত্রে ব্যস্ত। তবে আমি তাঁর অভিনয় সম্পর্কে অনেক ভালোভাবে জানি। মিতা অনেক ভালো অভিনয় করে। এবারই প্রথম আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি, ভালোমানের একটি টেলিছবি সবাইকে উপহার দিতে পারব।’টেলিছবিতে নিজের চরিত্র সম্পর্কে রাজ্জাক বলেন, ‘এখানে আমার চরিত্রটি মানুষের সম্পর্ক নিয়ে কাউন্সিলিং করা। সব মিলিয়ে আমার ভালো লেগেছে।’চয়নিকা চৌধুরী গত বছরের রোজার ঈদেও একটি তারকাবহুল টেলিছবি নির্মাণ করেছিলেন। ‘আকাশ জোড়া মেঘ’ শিরোনামের টেলিছবিটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। এবার তিনি ১১ জন তারকা নিয়ে ‘ধ্রুবতারা’ নির্মাণ করছেন। তিনি বলেন, ‘আসলে আমি সব সময় ভালো কিছু কাজ করে যেতে চাই। আকাশজোড়া মেঘ করেছি, হাসপাতাল করেছি, সাত পাকে বাঁধা করেছি। আর এখন ধ্রুবতারা করছি। এখন আর কিছু বলব না। দর্শক টেলিছবিটি দেখবে আমি এটা প্রত্যাশা করছি।’রাজ্জাক ও মিতা চৌধুরী ছাড়াও ‘ধ্রুবতারা’ টেলিছবির অন্যান্য অভিনয়শিল্পী হলেন রাইসুল ইসলাম আসাদ-শম্পা রেজা, মাহফুজ আহমেদ-তারিন, আনিসুর রহমান মিলন-বাঁধন ও অপূর্ব-সারিকা। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির।জাকারিয়া সৌখিনের রচনায় ‘ধ্রুবতারা’ টেলিছবির শুটিং আগামী ২ জুলাই থেকে কক্সবাজারে শুরু হবে। এ টেলিছবিটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর একসঙ্গে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ-শম্পা রেজা। এদিকে মিলন-বাঁধনও জুটি হয়ে দুই বছর পর অভিনয় করছেন।