
কয়েক প্রজন্ম কবিতা আর গানের প্রেমে পড়েছে গুলজারের কারণে। আশির কোঠায় পৌঁছানো সেই গুলজার আজও বলিউডে সফল। তাঁর এই সময়ের সাফল্যের অনেকটা অংশের কৃতিত্বই যায় বিশাল ভরদ্বাজের ঝুলিতে। সেই নব্বইয়ের দশক থেকে এ জুটি যে এক অদ্ভুত সুরেলা রসায়নে বেঁধেছে বলিউডের গানপ্রেমীদের। আজ সেই জুটির কথাই থাকছে।
শুরু থেকে শুরু করা যাক। আশির দশকের কোনো একটা বছরের কথা। তখনো বিশাল ভরদ্বাজ মুম্বাইয়ের রংচঙে ফিল্মি দুনিয়ার বাসিন্দা হননি। থাকতেন দিল্লি। সেখানে সংগীত পরিচালক হিসেবে বিভিন্ন স্টুডিওতে কাজ করতেন। একদিন শুনতে পেলেন যে স্টুডিওতে তিনি কাজ করছেন, সেখানে আসবেন গীতিকার, কবি ও চলচ্চিত্র নির্মাতা গুলজার। গুলজার সে সময় সরোদশিল্পী ওস্তাদ আমজাদ আলী খানকে নিয়ে একটা তথ্যচিত্র বানাচ্ছিলেন। সেই কাজেই দিল্লিতে বিশাল যে স্টুডিওতে কাজ করতেন তার মালিকের সঙ্গে দেখা করতে আসছেন গুলজার। এই শুনেই হৃৎস্পন্দন বেড়ে যায় বিশাল। কারণ তিনি তো গুলজারের দারুণ ভক্ত। সন্ধ্যায় স্টুডিওর রিসিপশনে বসা বিশাল হঠাৎ শুনতে পান ফোনে কথা বলছেন কেউ। গুলজার নাকি রাস্তার পাশের ‘বাঙালি সুইট হাউস’-এ দাঁড়িয়ে আছেন। স্টুডিওর পথ খুঁজে পাচ্ছেন না। এটা শোনামাত্রই তটস্থ বিশাল। মনে মনে নাকি বলেছিলেন, ‘আজ তো গুলজারের সঙ্গে দেখা করেই ছাড়ব।’ এই বলে মিষ্টির দোকানের দিকে হাঁটা শুরু করেন বিশাল। সেখানে গিয়ে প্রথমেই গুলজারকে বলেন, ‘আমি আপনার বিশাল ভক্ত। সেই সঙ্গে একজন সংগীত পরিচালকও।’ সেদিনই কথায় কথায় গুলজার বিশালকে বলেছিলেন, ‘তুমি মুম্বাইয়ে এসো। আমার সঙ্গে সেখানে দেখা কোরো।’ ব্যস, সেই মিষ্টির দোকানের প্রথম দেখা দিয়েই শুরু হয় গুলজার-বিশাল জুটির যাত্রা।
অবশ্য সেটা তো ছিল শুধু প্রথম দেখা। সেই সাক্ষাতের লম্বা সময় পর বিশাল মুম্বাই আসেন নিজের ভাগ্য পরীক্ষা করতে। দেখা করেন গুলজারের সঙ্গে। প্রায় দুই বছর পর এ জুটি শুরু করে গান বাঁধতে।
মাচিস, চাচী ৪২০, সত্য ছবিগুলোর গান তঁাদের জুটির অনবদ্য সৃষ্টি।

আজকের ‘চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ’ পরিচয়টির পেছনেও কিন্তু গুলজারের অবদান অনেক। এক সাক্ষাৎকারে বিশাল বলেন, ‘গুলজার সাহেব শুরু থেকেই আমাকে ছবি বানানোর কথা বলতেন। আমি জানতাম না, উনি কী এমন দেখতেন আমার ভেতর? আমি তো সিনেমার পরিচালক হওয়ার কথা কখনো চিন্তাও করতাম না। গুলজার সাহেব আমাকে বড় বড় চলচ্চিত্র উৎসবে নিয়ে যেতেন, বড় বড় নির্মাতাদের ছবি দেখাতেন। তাই তাঁর সাহসেই একটা সময় চিত্রনির্মাতা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি।’
বিশালের সবকিছুর পেছনেই যে গুলজারের অবদান, তেমনটা নয়। গুলজারের জীবনেও বিশালের অবদান অসামান্য। তাই তো পুরো বলিউড যেখানে গুলজারের মতো জীবন্ত কিংবদন্তিকে সমীহ করে, সেখানে এই গুলজারের হৃদয়ের অনেকটাজুড়ে বিশালের অবস্থান। এক সাক্ষাৎকারে গুলজার বলেছেন, ‘আমার বলিউডে কাজ করা অনেক আগেই বন্ধ হয়ে যেত, যদি বিশাল না থাকত।’
গানে সমঝদারেরা গুলজারের এই কথার সত্যতা হয়তো ভালোভাবেই বুঝবেন। কারণ, ‘মুন্নী বদনাম হুয়ি’ কিংবা ‘শিলা কি জাওয়ানি’র মতো সস্তা কথার গানে যখন বলিউড মাতোয়ারা, তখন এই বিশালই তো তাঁর ছবিগুলো গুলজারের কাব্যিক আইটেম গান ব্যবহারের সাহস দেখিয়েছেন। একবার ওমকানা ছবির ‘বিড়ি জ্বালাইলে’ কিংবা ‘নামাক ইশক কা’ গান দুটোর কথা মনে করে দেখুন না। অত দূরে যেতে না চাইলে কাল মুক্তির অপেক্ষায় থাকা রেঙ্গুন ছবির ‘ব্লাডি হেল’ অথবা ‘মেরা পিয়া গায়ে ইংল্যান্ড’ গান দুটোও শুনে দেখতে পারেন। বলিউডের মসলাদার গানেও যে প্রেম, কাব্য, রাজনীতি ঢোকানো যায়, তার প্রমাণ গুলজারের কথা আর বিশালের সুরে স্পষ্ট। তাই ওমকারা, ইশকিয়া, হায়দার আর হালের রেঙ্গুন-এর পরও বলিউড আরও অধীর হয়ে থাকে এ জুটির আরও কিছু নিয়ম ভাঙা গানের জন্য, যা শ্রোতাদের একই সঙ্গে হাসাবে, কাঁদাবে এবং ভাবাবে!
আদর রহমান
হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে