প্রথম ধারাবাহিকের শীর্ষ সংগীতে নিশিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশিতা
নিশিতা

প্রথমবারের মতো ধারাবাহিক নাটকের শীর্ষ সংগীতে কণ্ঠ দিলেন ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত গায়িকা নিশিতা বড়ুয়া। নাটকের নাম ‘সাতরঙা ভালোবাসা’। ‘জীবন মানে সার্থকতা হঠাত্ করা কিছু ভুল, জীবন মানে কাঁটার পাহাড় আর সদ্য ফোটা ফুল’ কথায় গানটি লিখেছেন রাজীব মণি দাস, সুর ও সংগীত করেছেন যাদু রিছিল। দ্বৈত গানটিতে কণ্ঠ দিয়েছেন যাদু রিছিল ও নিশিতা বড়ুয়া।

এ প্রসঙ্গে নিশিতা জানিয়েছেন, ‘গানটিতে কণ্ঠ দিয়ে খুব ভালো লেগেছে। আশা করছি, গানটি শুনে শ্রোতারা মুগ্ধ হবেন।’

‘সাতরঙা ভালোবাসা’ নাটক প্রসঙ্গে নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘ভালোবাসা মানুষের জীবনে অপরিহার্য একটি বিষয়। প্রতিটি মানুষই চায় জীবনে স্নেহের মায়া-মমতার বন্ধন তৈরি করতে। নিঃসঙ্গ মুহূর্তে চায় অন্যজনের সঙ্গ। নানা বয়সে ভালোবাসার রূপ হয় নানা রঙের। “সাতরঙা ভালোবাসা” নাটকটিতে আমরা চেষ্টা করেছি মানুষের জীবনে ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরতে। আশা করি, সব শ্রেণীর দর্শকের কাছে নাটকটি ভালো লাগবে।’

‘সাতরঙা ভালোবাসা’ নাটকটি রচনা করেছেন রায়হান খান ও পরিচালনা করেছেন সঞ্জীব দাস। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, মীর সাব্বির, আমিরুল হক চৌধুরী, এনামুল হক, লায়লা হাসান, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, শাহেদ শরীফ খান, সাঈদ বাবু, খালেদা আক্তার কল্পনা, তমাল, মিমো, হোমায়রা হিমু প্রমুখ।