প্রথম নাট্যোৎসবের অভিজ্ঞতা
মঞ্চ নেশার মতো। একবার যিনি মঞ্চের সঙ্গে জড়িয়েছেন নিজেকে, তিনি আর বের হতে পারেন না। সময়ের অভাবে যদি ছেড়েও দিতে হয়, তবু মনের ভেতর মঞ্চ থাকে স্থির হয়ে। নস্টালজিয়া আসে। মনে হয়, আবার কবে কাজ করব মঞ্চে।আজ আমরা এমন কয়েকজনের অভিজ্ঞতা নিয়ে কথা বলব, যাঁরা এখনো মঞ্চ-অন্তঃপ্রাণ। জানতে চাইব, তাঁদের জীবনের প্রথম নাট্যোৎসবের কথা।নাট্যোৎসব! একেকটি নাট্যোৎসবে নিজেকে উজাড় করে দেওয়ার সুযোগ আসে। বিভিন্ন নাটকে নিজেকে ভেঙে-গড়ে নতুন উচ্চতায় ওঠার পথ তৈরি হয়। অন্যদের অভিনয় দেখে, নির্দেশনা দেখে নিজেকে সবার মধ্যে নিয়ে বিচার করার তাড়নাবোধ আসে।পাড়ার মোড়ে কিংবা রেস্তোরাঁয় আড্ডা দেওয়া বাদ দিয়ে নাটকের মহড়ায় যাঁরা অংশ নিচ্ছেন, তাঁরা নিশ্চয় মঞ্চ থেকে কিছু একটা পাচ্ছেন, যা অর্থের বিবেচনায় হয়তো কিছুই নয়, কিন্তু মন ভরে দেওয়ার জন্য অমূল্য রসদ।বেশ কটি দলে কাজ করার পর তারিক আনাম খান থিয়েটারে যোগ দিলেন ১৯৮৩ সালে। সে বছরই দলটির এক যুগ পূর্তি হলো। আর এই এক যুগ পূর্তি উপলক্ষে হলো সাত দিনের নাট্যোৎসব। সে সময়ের কথা না হয় শুনি তারিক আনামের মুখেই, ‘সে সময় আমি একেবারেই যুবক। থিয়েটার নিয়ে নিজের মধ্যে ব্যাপক উন্মাদনা। আর সেই সময়ের যেকোনো নাট্যোৎসবের আনন্দ-আমেজও ছিল অনেক বেশি। ওই উৎসবের কথা এখনো স্পষ্ট মনে আছে, ঢাকার অন্যান্য দলের কর্মীরাও মহিলা সমিতির আঙিনায় চলে আসত। নাটক শেষ হলেও মনে হতো উৎসবের আমেজ শেষ হয়নি।’আর আড্ডা?‘নাটক শেষে গভীর রাত পর্যন্ত বেইলি রোডে আড্ডা চলত। উৎসবের সাত দিনই মনে হয়েছে জীবনের সব আনন্দ এই উৎসবকে ঘিরে।’ উৎসবের সাত দিন যে নাটকগুলো মঞ্চে এসেছিল, তার সবগুলোতেই অভিনয় করেছিলেন তারিক আনাম খান। বললেন, ‘এটি ছিল আমার জন্য বড় অর্জন।’রওনক হাসান নাগরিকে যোগ দেন ১৯৯৯ সালে। ঠিক চার বছরের মাথায় ২০০৩ সালে নাগরিক পাঁচ দিনের নাট্যোৎসবের আয়োজন করে। এই উৎসব হয়েছিল মহিলা সমিতি মিলনায়তনে। রওনক চেষ্টা করেন দূরের সেই সময়কে স্মৃতি খুঁড়ে বের করতে, ‘আমার জন্য এটা ছিল প্রথম উৎসব। নাট্যোৎসবে এত যে আনন্দ-উদ্দীপনা থাকে, তা আমার জানা ছিল না। আমি ধন্য। উৎসবে বাকি ইতিহাস নাটকটি নতুন করে আনা হয়েছিল। আমি বাকি ইতিহাস নাটকের প্রযোজনা অধিকর্তা ছিলাম। এই নাটক বাংলা নাটকের ইতিহাস বহন করে। এই নাটক দিয়েই ঢাকায় প্রথম দর্শনীর বিনিময়ে নাটক প্রদর্শনী শুরু হয়েছিল। উৎসবের আগ থেকেই পুরো নাগরিক পরিবারের মধ্যে আনন্দ-উত্তেজনা কাজ করছিল। উৎসবে দলের পুরোনো নামকরা অভিনেতা-অভিনেত্রীরা আসবেন। তাঁদের সঙ্গে সাক্ষাৎ পাওয়াটা তো কম কথা না। দেখার জন্য তো অধীর। এদিকে উৎসব শুরু হয়েছে। সেই সকাল থেকে গভীর রাত আবার গভীর রাত থেকে সকাল—এভাবেই চলছে। আমি দুই দিন বাসায়ই যাইনি। সবকিছু থেকেই ছিন্ন। মনে হচ্ছিল, এই আনন্দ-উৎসবের মধ্যেই আমার পৃথিবী। আরেকটি ঘটনা এই উৎসবের মধ্যে ঘটেছিল। আমার চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু উৎসবের মাঝামাঝিতে পড়ায় আর যোগ দেওয়া হয়নি। তখন তো ভাবনায়ই ছিল, অন্য কোনো কাজ না, খালিই থিয়েটার।’আর কিছু মনে পড়ে?‘হ্যাঁ। আরেকটা কথা বলতে চাই।’ উৎসাহ নিয়ে বলতে থাকেন রওনক, ‘উৎসবের একদিন মেঝে ঝাড়ু দিচ্ছি। সম্ভবত ঠিকভাবে পরিষ্কার করতে পারছিলাম না। আসাদুজ্জামান নূর ভাই এসে নিজের হাতে তুলে নিলেন ঝাড়ু। নিজেই ঝাড়ু দেওয়া শুরু করলেন। দেখিয়ে দিলেন কীভাবে ঝাড়ু দিতে হয়।’ রওনক বললেন, ‘এইভাবে হাতে-কলমে কাজ শিখেছিলাম বড়দের কাছ থেকে। কোনো কাজকেই ছোট বলে মনে করেননি তাঁরা।’১৯৯৪ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেওয়ার পরের বছরই দলের নাট্যোৎসব পাওয়ার সৌভাগ্য হয়েছিল শামীমা শওকত লাভলীর। উৎসবটির আয়োজন ছিল দলের মানুষ নাটকের শততম মঞ্চায়নকে ঘিরে। হয়েছিল মহিলা সমিতি মিলনায়তনে। শামীমা বললেন, ‘মঞ্চে প্রথম নাট্যোৎসব নিজের কাছে পরিবারের কারও বিয়ে বা ঈদের আনন্দকেও হার মানায়। আমি সবে দলে এসেছি। কিছুদিনের মধ্যেই মানুষ নাটকটির শততম মঞ্চায়ন উপলক্ষে উৎসব হবে। দল যেন আনন্দে অবগাহন করছে। উৎসবের তারিখ যতই এগিয়ে আসছে, ততই যেন সব কর্মীর মধ্যে আনন্দ-উত্তেজনা বাড়ছে। প্রতিদিনই উৎসবের কাজ চলছে। দেশ ও দেশের বাইরে থেকে নতুন-পুরোনো কর্মীরা আসবেন। কিন্তু আমি নতুন হওয়ায় তখনো একেবারে দলের সঙ্গে মিশে যেতে পারিনি। নাটকের মহড়া হচ্ছে। চুপচাপ পেছনে বসে থাকি। কিন্তু চোখেমুখে আনন্দের ঝিলিক লেগেই থাকে। কেননা, উৎসবে বড় নাট্যব্যক্তিত্বরা আসবেন। সবাইকে কাছ থেকে দেখব। এটা কি কম সৌভাগ্য! এসব চিন্তা করতে করতেই উৎসবের তারিখ চলে এল। আবদুল্লাহ আল-মামুন থেকে শুরু করে বড় নাট্যজনেরা উৎসবে এলেন। উৎসব চলাকালে আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে বাসার কথা কিংবা খাওয়ার সময়টাও যেন ভুলে যেতাম।’ প্রথম নাট্যোৎসব শামীমা শওকত লাভলীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। লাভলীর মুখ থেকেই শোনা যাক, ‘উৎসব হবে। দলে প্রস্তুতি চলছে। শোনা যাচ্ছিল, দেশের বাইরে থেকেও দলের পুরোনো কর্মীরা আসবেন। উৎসবের কাছাকাছি সময়ে দেশের বাইরে থেকে এলেন ফয়েজ জহির। তিনি মানুষ নাটকের নির্দেশক ছিলেন। কিন্তু বিষয়টি আমি জানি না। তাঁর সঙ্গে আমার পরিচয়ও নেই। দলে আমি নতুন। দলে বেশির ভাগ সময়ই তাঁকে মামুনুর রশীদের সঙ্গে দেখা যায়। লম্বা লম্বা চুল, ফরসা, দেখতে সুন্দর। কিন্তু কারও সঙ্গে সেভাবে কথা বলেন না। সারাক্ষণই বই পড়েন। আমি তো নতুন হিসেবে সবার পেছনে বসে থাকি। মনে মনে ভাবি, হয়তো আমার মতোই নতুন এসেছেন তিনি। একবার ভাবলাম তাঁকে গিয়ে বলি, আপনিও নতুন আমিও নতুন। আসুন, দুজনে পরিচিত হই। পরে আর সাহস হলো না। এভাবেই চলছে। এদিকে উৎসবের প্রথম দিন চলে এল। মানুষ নাটকের শততম মঞ্চায়ন সেদিন। নাটক শুরুর আগে মঞ্চ থেকে নির্দেশককে মাইকে ডাকা হলো। আমি তখন মিলনায়তনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ দেখি ওই লম্বা চুলের মানুষটি মঞ্চে উঠে যাচ্ছেন। তিনিই নির্দেশক! আমার তো হাত-পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। ভাগ্যিস, আমি তাকে “নতুন” বলে সম্বোধন করিনি।’ কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। ফয়েজ জহিরকে নিয়ে লাভলীর ভাবনাটা অন্যদিকে মোড় নিল। লাভলী বলেন, ‘উৎসব চলাকালেই ফয়েজ জহিরের সঙ্গে পরিচয় হয়ে গেল। ভালোলাগাটা তো শুরু থেকেই ছিল। একটা সময় ভালোবাসা। শেষ পরিণতি আমাদের দুজনের বিয়ে।’ প্রাচ্যনাটের ঋতু সাত্তার বলেন, ‘আমি দলে যোগ দিয়ে প্রথম উৎসব পেয়েছিলাম ২০০২ সালে। উৎসবটি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হয়েছিল। চার দিনের। আমার প্রথম উৎসবটিই ছিল মনে রাখার মতো। সাধারণত ঢাকার মঞ্চে উৎসবের উদ্বোধন যেভাবে হয়, তা থেকে এই উৎসবের উদ্বোধন ছিল ভিন্ন। উৎসবটির উদ্বোধন করা হয়েছিল দলের সব কর্মীর মাকে দিয়ে। উদ্বোধনীর স্মৃতি আমার কাছে মধুর। কেননা, মা চাননি আমি থিয়েটার কিংবা অভিনয় করি। অথচ সেই মা-ই আমার উৎসবের উদ্বোধনীতে উপস্থিত হয়েছিলেন। মায়েরা মনে হয় এমনই হয়। সন্তানের অনেক কাজে মা নিষেধ করেন, আবার সেই কাজই হয়তো ভালো হবে ভেবে মা সন্তানদের জন্য এগিয়ে আসেন।’ বললেন ঋতু, ‘যেহেতু দলের প্রথম উৎসব, তাই নিজের মধ্যে ভয়ংকর উত্তেজনা কাজ করছিল। দলের নতুন-পুরোনো সবার আগমন। পুরো উৎসবকে ঘিরে কী যে ভালো লাগছিল, এখন বলে তা বোঝানো যাবে না। নাটক শুরু হওয়ার আগ পর্যন্ত সারাক্ষণই ছোটাছুটি। বিভিন্নজনের বিভিন্ন কাজের দায়িত্ব ছিল। নিজ নিজ কাজ ঠিকমতো হচ্ছে কি না। নিজ নিজ দায়িত্ব পালনে সবাই ব্যস্ত, কিন্তু সবার মুখে আনন্দের হাসি লেগেই থাকত।’এমনিতেই ঢাকা থিয়েটারের মতো বড় একটা দলে যোগ দিয়ে নিজেকে ধন্য মনে হয়েছিল আসাদুজ্জামান আমানের। দলে যোগ দেন ১৯৯৮ সালে। ১৯৯৯ সালে মহিলা সমিতি মঞ্চে নাট্যকার সেলিম আল দীনের ৫০ বছর জন্মনাট্যোৎসব পালন করে ঢাকা থিয়েটার। এটি ছিল আমানের কাছে প্রথম নাট্যোৎসব। প্রথম উৎসবের নাটকে অভিনয় করার সুযোগ না হলেও দলের একাধিক নাটকের গান নিয়ে একটি ছোট অনুষ্ঠান হয়েছিল। সেখানে কোরাস দলের সদস্য হিসেবে মঞ্চে বসার সুযোগ হয়েছিল তাঁর। যোগ দিয়েই দলের ১০ দিনের নাট্যোৎসব আমানের কাছে রোমাঞ্চকর মনে হয়েছে। আমান বলেন, ‘উৎসব শুরু হওয়ার আগে থেকেই অন্য রকম অনুভূতি কাজ করছিল। বিশাল আয়োজন। দলের প্রধান থেকে শুরু করে একেবারেই দলের নবীন সদস্যেরও নানা ব্যস্ততায় দিন যাচ্ছে। উৎসব উপলক্ষে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা চলছে। তাঁদের সঙ্গে সঙ্গে আমিও ঢাকার নানা জায়গা ঘুরছি। কখন যে সকাল-দুপুর-সন্ধ্যা নেমেছে, বুঝতেই পারিনি। উৎসবে দলের পুরোনো সদস্য আফজাল হোসেন, হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফাদের মতো তারকারা আসবেন, তাঁদের দেখার জন্য আমার প্রতীক্ষা। উৎসব শুরু হওয়ার আগে থেকেই কারা কারা উৎসবে যোগ দেবেন, তাঁদের নাম শোনা যাচ্ছিল। দলের পুরোনো নামকরা অভিনেতা-অভিনেত্রীরা আসবেন। দলের একেবারেই নবীন সদস্য হিসেবে কম কথা কাজ বেশি করে চলেছি। কিন্তু মনের কাছে একটা সান্ত্বনা, কাছ থেকে বড় অভিনেতাদের দেখতে পাব—এ নিয়ে উত্তেজনা কাজ করছিল। উৎসবের প্রথম দিনই দলের পুরোনো সব মঞ্চের জীবন্ত শিল্পীদের দেখে সেদিন থেকেই থিয়েটারের প্রতি যেন মনোযোগ আরেক ধাপ এগিয়ে গেল।’ উৎসবের সময় আরেকটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে আমান বলেন, ‘উৎসব শুরু হওয়ার কয়েক দিন আগে থেকে আমার অনার্স পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষার পড়া মুখস্থ করেছি নাটকের মহড়াকক্ষে বসে কিংবা রাস্তায় রিকশায় বসে। সকালে বাসা থেকে বের হলে ব্যাগের মধ্যে বইপত্র নিয়েই বের হতাম।’সুবচন নাট্যসংসদের সোনিয়া হাসান সুবর্ণার প্রথম উৎসবের অভিজ্ঞতা জানার আগে তাঁর শুরুটা জেনে নেওয়া যাক। ১৯৯৮ সালে সুবচন নাট্যসংসদে যোগ দেন সুবর্ণা। যোগ দেওয়ার পর রাষ্ট্র বনাম নাটকের ৫০তম মঞ্চায়ন এবং খানদানী কিস্সা নাটকের ৭৫তম মঞ্চায়ন উপলক্ষে আয়োজন থাকলেও দলের বড় নাট্যোৎসব পেয়েছেন ২০০৮ সালে। সুবচনের তিন যুগ পূর্তি উপলক্ষে দলটি জাতীয় নাট্যশালায় তিন দিনের নাট্যোৎসবের আয়োজন করে। জীবনের প্রথম উৎসবটি সুবর্ণার কাছে খুবই স্মরণীয়। তিনি বলেন, ‘এই উৎসবে বাংলাদেশে ৩০ বছর ধরে যাঁরা নিয়মিত মঞ্চনাটক করছেন, এমন ৩০ জন কর্মীকে হাজির করা হয়েছিল।এটি আমাদের মতো এই প্রজন্মের কর্মীদের কাছে নিঃসন্দেহে একটা চমক ছিল।’ দলে যোগ দেওয়ার প্রায় ১০ বছর পর এমন একটি নাট্যোৎসব পেয়েছেন সুবর্ণা। তাই তাঁর কাছে থিয়েটারকে ঘিরে এত বড় আনন্দের অভিজ্ঞতার ঝুড়ি তত দিনে একেবারেই খালি ছিল। ‘উৎসব শুরু হওয়ার প্রায় এক মাস আগে থেকেই মনে আনন্দের বাদ্য বাজছিল। যতই উৎসব ঘনিয়ে আসছিল, ততই যেন আনন্দ-আমেজ বেড়েই চলছিল। উৎসবের তিন দিনই মনে হয়েছে, আমার বাড়ি জাতীয় নাট্যশালায়। কেননা, সকালে এলে আবার গভীর রাতে বাসায় ফেরা।’‘উৎসবের দ্বিতীয় দিন আমার প্রিয় এক বান্ধবীর বিবাহবার্ষিকীর আমন্ত্রণ ছিল। কিন্তু যাওয়া সম্ভব হয়নি। এ জন্য একটু মনও খারাপ হয়েছিল। তবে বান্ধবী নিজেই আমাকে বিস্মিত করেছিল। সেদিনের নাটকে আমি অভিনয় করছিলাম। নাটক শেষ হলে আমি গ্রিনরুমে বসে আছি। হঠাৎ বান্ধবী ও তাঁর স্বামী দুজনেই এসে হাজির। তাঁরা প্রথম থেকে নাটকটিও দেখেছে।’