প্রথম পর্বে মনোনয়ন পেলেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো আবারও, তারকাদের জনপ্রিয়তার লড়াই। এ বছরের প্রথম চার মাসে কাজের ভিত্তিতে তারকাদের জনপ্রিয়তার মাপকাঠি নির্ধারণ করেছেন ‘সর্বময় ক্ষমতার অধিকারী’ দর্শক-পাঠক। এবারের ফলাফলে অবশ্য বড় ধরনের বিপ্লব ঘটাতে পারেননি প্রিয় পাঠকেরা। জনপ্রিয় তারকারা জনপ্রিয়ই থেকে গেছেন। নতুন, উঠতি তারকাদের মধ্যে আছেন শফিক তুহিন (এর বেশি ভালোবাসা যায় না) এবং সায়ান (আবার তাকিয়ে দেখ)। মাইক্রোফোনের সামনে অভিষেকেই ঝলসে উঠেছেন শফিক তুহিন। সায়ান এত দিন একটি নির্দিষ্ট শ্রেণীর কাছে জনপ্রিয় হলেও এবার পাঠকের ভোট নিয়ে জনপ্রিয় তারকাদের তালিকায় চলে এসেছেন। গেলবারের সেরা নারী কণ্ঠশিল্পী ন্যান্সী অবশ্য তাঁর জয়যাত্রা এবারও অক্ষুণ্ন রেখেছেন (শিশির ভেজা)। তাঁর সঙ্গে যোগ হয়েছেন ফাহমিদা নবী (তবুও বৃষ্টি চাই)। পুরুষ কণ্ঠশিল্পী বিভাগে বালাম (বালাম—৩), হূদয় খান (হূদয় মিক্স ২) এবারও তালিকায় আছেন। টিভি অভিনয়শিল্পী (পুরুষ) বিভাগে গতবারের তিন মনোনয়নপ্রাপ্ত অভিনেতা—চঞ্চল চৌধুরী (নো প্রবলেম ডট কম), জাহিদ হাসান (গ্র্যাজুয়েট), মোশাররফ করিম (এফএনএফ) এবারও মনোনয়ন পেয়েছেন। টিভি অভিনয়শিল্পী (নারী) বিভাগেও নেই কোনো পরিবর্তন। গতবারের তিন মনোনয়নপ্রাপ্ত অভিনেত্রী তিশা (গ্র্যাজুয়েট), সুমাইয়া শিমু (এফএনএফ), তারিন (জলকণা) জনপ্রিয়তার দৌড়ে এখনো টিকে আছেন। চলচ্চিত্র বিভাগে যেমন একটু হলেও নতুনত্বের ছোঁয়া আছে। প্রথম অভিনীত চলচ্চিত্র গহীনে শব্দর জন্য কুসুম সিকদার প্রথমবারের মতো চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেলেন। মৌসুমীও (গোলাপী এখন বিলেতে) দীর্ঘদিন পর এ বিভাগে মনোনয়ন পেলেন। অপু বিশ্বাস (জীবন মরণের সাথী) আছেন কুসুম, মৌসুমীর সঙ্গে। অপুর ছবির নায়ক শাকিব খান, কুসুমের ছবির নায়ক ইমন এবারও দর্শকের সমর্থন পেয়েছেন। তবে দীর্ঘদিন পর ফেরদৌস জনপ্রিয়তার দৌড়ে ফিরে এসেছেন জাগো ছবির জন্য। দেখা যাক, শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় কে টিকে থাকেন!