প্রথম প্রেমে পড়েছিলাম ১৯৮৩ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক ‘প্রথম’ সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’।
ইরেশ যাকেরের ক্রিকেটের প্রতি সেই প্রেম এখনো চলছে
ইরেশ যাকেরের ক্রিকেটের প্রতি সেই প্রেম এখনো চলছে

প্রথম স্কুল
আমি স্কুলে ভর্তি হয়েছিলাম খুব ছোট বয়সে। ঢাকার ওয়াইডব্লিউসিএ আমার প্রথম স্কুল। তখন ছেলেরা ওই স্কুলে প​ড়তে পারত। সে সময়ের কোনো স্মৃতি আমার মনে নেই।
প্রথম ক্যামেরা
ছবি তুলতে আমার খুব ভালো লাগে। এটা আমার কাছে নেশার মতো। জীবনের প্রথম ক্যামেরাটি কিনেছিলাম ২০০৭ সালে। ক্যানন ৪০০ ডি মডেলের সেই ক্যামেরা দিয়েই আমার শখের ফটোগ্রাফি শুরু। এর আগে আমার বাবা আলী যাকেরের ক্যামেরা দিয়ে টুকটাক ছবি তুলতাম। তখন থেকেই নেশার শুরু।
প্রথম অভিনয়
টেলিভিশনে প্রথম অভিনয় করি ২০০৬ সালের সেপ্টেম্বরে। বাতাসের খাঁচা নামের সেই নাটকটিতে আরও অভিনয় করেছিলেন আলী যাকের ও মুনমুন। একটু ভয় তো কাজ করছিল কিন্তু শেষ পর্যন্ত সবার সহযোগিতায় কাজটি শেষ করতে পেরেছি।
প্রথম পারিশ্রমিক
জীবনের প্রথম পারিশ্রমিক বেশ অল্প বয়সেই পেয়েছিলাম। আমি তখন নবম শ্রেণির ছাত্র। একটি গবেষণা প্রতিবেদন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে প্রায় তিন-চার শ টাকা পেয়েছিলাম। সেটি সেই ১৯৯০ সালের কথা। ওই সময়ের কথা বিবেচনা করলে কিন্তু তিন শ টাকাও কম কথা নয়। আর আমার জন্য সেটা সত্যি অনেক টাকা কিন্তু।
প্রথম প্রেম
প্রথম প্রেমে পড়েছিলাম ১৯৮৩ সালে। সেবার টিভিতে প্রথম বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখি। তারপরই ক্রিকেটের প্রেমে পড়ে যাই। সেই প্রেম এখনো চলছে। আর এভাবেই চলতে থাকবে যত দিন বেঁচে থাকব। তাই সবকিছু ছাপিয়ে আমার প্রথম প্রেম ক্রিকেটের সঙ্গে।

অনুুলিখন: নাদিয়া মাহমুদ