
প্রথম বই প্রকাশের গল্প শোনালেন লেখক ও প্রকাশকেরা। তাঁদের গল্পে শুধু নিজের লেখা বা প্রকাশনার প্রথম বইটির কথা উঠে আসেনি, বরং একেকটি বিশেষ সময় উপস্থাপিত হয়েছে। উঠে এসেছে লেখকের সংগ্রাম, লেখক- প্রকাশকের পারস্পরিক সম্পর্ক, প্রকাশকের প্রথম দিকের সীমাবদ্ধতা এবং এমনকি দেশের বিভিন্ন সময়ের প্রকাশনাশিল্পের চিত্র।
শাহবাগের গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে ঋতুভিত্তিক বইমেলা। গ্রন্থাগারের কংক্রিটের ছাউনি দেওয়া জায়গাটিতে প্রথমা প্রকাশনসহ সাতটি প্রকাশনী এতে অংশ নিচ্ছে। মঙ্গলবার বিকেলে এ উৎসবে ‘প্রথম বই প্রকাশের গল্প: লেখকের, প্রকাশকের’ শিরোনামে গল্প বলার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রথম বই প্রকাশের গল্প শুনিয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান, মাহবুব তালুকদার, শামসুজ্জামান খান, মাহবুব সাদিক, কবি মুহম্মদ নূরুল হুদা, সৈয়দ বদরুল আহসান, আখতার হুসেন, মোরশেদ শফিউল হাসান, নাসির আলী মামুন প্রমুখ। প্রকাশকদের মধ্যে নিজের প্রতিষ্ঠানের প্রথম বইয়ের গল্প শুনিয়েছেন মিলনকান্তি নাথ, ফরিদ আহমেদ, মনিরুল হক, সৈয়দ জাকির হোসাইন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সব অতিথি মিলে অ্যাডর্ন থেকে প্রকাশিত জয়নাল হোসেনের প্রাঙ্গণে মোর: টোকা ডায়েরির পাতা থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন।