প্রথম ভোট দেওয়ার অনুভূতি
>বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মোট ভোটার সংখ্যা ৩৬৮। এর মধ্যে এবার প্রথমবারের মতো ভোট দিয়েছেন ৩৮ জন। দুই বছরের মধ্যে এই ৩৮ জন পরিচালক সমিতির নতুন সদস্যপদ পেয়েছেন। এর মধ্যে পাঁচজন তাঁদের জীবনের প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন প্রথম আলোকে। পাঠকদের জন্য সেই অনুভূতি তুলে ধরেছেন মনজুর কাদের

প্রার্থীদের হইচই আমার কাছে দারুণ লেগেছে
মেহের আফরোজ শাওন, পরিচালক
পরিচালক সমিতির সদস্য হওয়াটাই আমার কাছে স্বপ্নের মতো। আমার কাছে সন্মানেরও। বলা যায় যে আমি এখন সার্টিফিকেটধারী পরিচালক। আরেকটা ব্যাপার মনে হয়েছে, কোনো নির্বাচনকে ছোট করে দেখা উচিত না। পরিচালক বয়স ৩৬ হলেও এখনো দেশের কোনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। প্রথমবার ভোট দেওয়ার বয়স যখন হলো, তখন দেশে ছিলাম না। এরপরও কী সব কারণে যেন নির্বাচনে ভোট দেওয়া হয়নি। পরিচালক সমিতির নির্বাচনে ভোট দেওয়ার জন্য যখন যাচ্ছিলাম, প্রার্থীদের হইচই আমার কাছে দারুণ লেগেছে। আমার কাছের যাঁদের চিনি-জানি, তাঁদের ভোট দিলাম। অনেককে চিনি না, তাঁদের মাল্টিপল সিস্টেমে দিয়ে দেওয়া। আমার কাছে এই ভোট দেওয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সমিতির সদস্যসংখ্যা খুবই সামান্য। মাত্র ৩৬৮। তাই হার-জিত হয়েছে দু-একটা ভোটে। এই জায়গা থেকে পুরো নির্বাচনটা বেশ উৎসবমুখর হয়েছে এবং আমারও বেশ ভালো লেগেছে।
সবাই খোঁজখবর নিয়েছেন
সোহেল আরমান, পরিচালক
আমার পরিচালক সত্তার ব্যাপারটি অনুভব করেছি। পরিচালক সমিতির সদস্য হওয়ার পর থেকে নির্বাচন যতই এগিয়ে এসেছে, সবাই খোঁজখবর নিয়েছেন। সম্মানিতও করেছেন। প্রচণ্ড ভালো লেগেছে। অনেক বছর পর বাবা আমজাদ হোসেন যখন আবার ভোটে দাঁড়ালেন, সে সময়ে আমিও ভোটার। টেলিভিশন মাধ্যম থেকে যাঁরা সিনেমায় পরিচালক হয়েছেন, তাঁদের পদচারণে এফডিসি সরগরম ছিল। আমার বাবার মতন দেশবরেণ্য পরিচালককে অল্প কয়েকটা ভোটে হেরে যেতে হলো। এ ব্যাপারটা আমার মাথায় ঢোকেইনি। আমার কেন জানি মনে হয়েছে, তাহলে কি সবাই আমার বাবাকে ভুলে গেছেন?

প্রতিটা ভোটের মূল্য অনেক বেশি
তানিয়া আহমেদ, অভিনেত্রী ও পরিচালক
প্রথমে যখন ভোট দিতে গিয়েছিলাম, সবার দৃষ্টিটা একটু ভিন্ন ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সবার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তাঁরা হয়তো ততক্ষণে ভাবতে শুরু করেছেন, এখন তো এঁরা আমাদেরও লোক। আমি আর শাওন একসঙ্গে ভোট দিতে গিয়েছি। এটা পরিচালক সমিতির নির্বাচনে প্রথম ভোট দেওয়া। ওখানে অনেক শিল্পীও ছিলেন, যাঁরা এখন নির্মাতা। বহু বছর আগে মায়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলাম। কিন্তু পরিচালক সমিতির নির্বাচনে প্রতিটা ভোটের মূল্য অনেক বেশি। বুঝতে পারার পর প্রথম ঈদ যেমন আনন্দের, পরিচালক সমিতির ভোট দেওয়ার ব্যাপারটিও তেমনি। আমি পুরোটা সময় খুবই উপভোগ করেছি।
আশা ও স্বপ্ন নিয়ে ভোট দিয়েছি
শিহাব শাহীন, পরিচালক
যেদিন নির্বাচন সেদিন আমি অনেক ব্যস্ত ছিলাম। সারা দিন শুটিং ছিল। শুটিংয়ের কারণে খুব তাড়াতাড়ি ভোট দিতে চলে যাই। এফডিসিতে ঢুকেই দেখি সাজ সাজ রব। আনন্দঘন পরিবেশ। নির্বাচনের সময় সবচেয়ে বড় ব্যাপার যেটা আমার ভালো লেগেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাই যোগাযোগ করেছেন। তাঁরা ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। নিজেদের মধ্যে যে বহুদিন ধরে দেখা-সাক্ষাৎ নেই তা সেদিন হয়েছে। নির্বাচনে একটা আশা ও স্বপ্ন নিয়ে ভোট দিয়েছি। চলচ্চিত্রে যে ইতিবাচক পরিবর্তনটা দরকার এবং এসব পরিবর্তনের জন্য যে উদ্যেগী মানুষের প্রয়োজন, সেই আশা থেকে ভোট দেওয়া। আশা করি, সেসবের বাস্তবায়ন নতুন এই কমিটি করে দেখাবে।
নতুন কিছু হবে
সৈকত নাসির, পরিচালক
এর আগেও চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন দেখেছি। এবার নিজে ভোটার ছিলাম। আগের চেয়ে এবারের নির্বাচনের চিত্র ছিল একেবারে ভিন্ন। পুরোপুরি উৎসবমুখর একটা পরিবেশ। মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সরব ছিলেন। অনেকটা জাতীয় পর্যায়ের নির্বাচনের আমেজ। প্রত্যাশা অনুযায়ী অনেকে নির্বাচিতও হয়েছেন। এটা আরও বেশি ভালো লাগা। এবার যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁদের মধ্যে বয়সে তরুণ যেমন আছেন, তেমনি মানসিকতায় তরুণ অনেকে আছেন। সবকিছু মিলিয়ে নতুন কিছু হবে, এটা আশা করছি। নির্বাচনের পুরোটা দিন দারুণ আনন্দে কেটেছে।