প্রথম শটেই ওকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলি
জলি

‘অঙ্গার’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে অভিনেত্রী জলির। এ ছবির নায়িকা তিনি। যৌথ প্রযোজনার এই ছবিটি মুক্তি পাবে ১৫ জানুয়ারি। ছবিটি বাংলাদেশ ও ভারতে এক যোগে মুক্তি পাবে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় এফডিসির ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উচ্ছ্বসিত জলি জানিয়েছেন তাঁর অভিনয়ের প্রথম মুহূর্তটির উত্তেজনার কথা।
জলি বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম, ফিল্মের নায়িকা হব। সেই স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। জাজ মাল্টিমিডিয়া আমাকে সেই স্বপ্নপূরণের পথ দেখিয়েছে। আমি কৃতজ্ঞ।’ তিনি বলেন, ‘আমার প্রথম ছবি মুক্তি পেতে চলেছে। আমার মধ্যে যেসব রোমাঞ্চ কাজ করছে, তা বলে বোঝানো যাবে না।’
অনুষ্ঠানে ক্যামেরার সামনে প্রথমবারের মতো দাঁড়ানোর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে জলি বলেন, ‘এমনিতেই উত্তেজনার কারণে শুটিং শুরুর দুদিন আগে থেকেই আমার চোখে ঘুম ছিল না। প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াতে গিয়ে ভয়ে জবুথবু হয়ে গিয়েছিলাম। এর ওপর যখন জানলাম যে আমার প্রথম দৃশ্যটি আশীষ বিদ্যার্থীর সঙ্গে। শুনে ভয়েই আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘অনেকক্ষণ চুপ করে বসে থাকার পর শেষে ক্যামেরার সামনে এগিয়ে গেলাম। মজার ব্যাপার হলো, কয়েকবার শট দেওয়ার পর জানতে পারলাম প্রথম শটটিই ওকে হয়েছে।’
‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ‘অঙ্গার’ ছবির নায়ক কলকাতার ছেলে ওম এ ছবিতে তাঁর নতুন অভিজ্ঞতার কথা জানালেন।
ওম বলেন, ‘অন্য রকমের একটি ছবি হয়েছে এটি। এ ছবিতে কাজের সময় নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমি সাত দিন গোসল করিনি! শুটিংয়ের সময় অনেকেই আমার কাছে ভিড়ত না, শরীর থেকে বিশ্রি গন্ধ বের হতো।’

এ কথাগুলো বলার সময় মজা করে ওম বলেন, ‘অবশ্য এখন গোসল করেই এসেছি। শরীরে কিন্তু কোনো গন্ধ নেই।’
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঞ্চালনায় এই ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন, এস কে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক হিমাংশু ধানুকা, অভিনেতা অমিত হাসান, টাইগার রবি, কলকাতার সংগীতপরিচালক আকাশ, ছবির আবহ সংগীতকার ও সংগীত পরিচালক ইমন সাহা, ছবির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু, কণ্ঠশিল্পী খেয়া, মনির প্রমুখ।
অনুষ্ঠান শেষে কলকাতার আকাশ, বাংলাদেশের ইমন সাহা, খেয়া, মনির— এই চারজন ‘অঙ্গার’ ছবির চারটি গানের চারটি অংশ গেয়ে শোনান।
‘অঙ্গার’ ছবিটি যৌথভাবে পরিচালনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে মুভিজ।