প্রথম শটেই দৃশ্যটি ওকে হয়: মেহ্জাবীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহ্জাবীন
মেহ্জাবীন

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় অনেকবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছি নাটকে অভিনয় করতে গিয়ে। সেই প্রথম নাটক, সেই প্রথম শুটিংয়ের অভিজ্ঞতা—সব সময়ই মনে থকবে।
২০১০ সালের ফেব্রুয়ারি মাস। তার সপ্তাহ খানেক আগে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। ইফতেখার আহমেদ ফাহমি একুশে ফেব্রুয়ারির বিশেষ নাটকে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেন। নাটকটির নাম তুমি থাকো সিন্ধু পাড়ে। মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করতে হবে। কিন্তু তখন আমার অভিনয় করার কোনো ইচ্ছা ছিল না। পরে চ্যানেল আইয়ের কর্তৃপক্ষের অনুরোধে নাটকটিতে কাজ করেছি। শুটিংয়ের আগে নাটকটির কোনো পাণ্ডুলিপি আমাকে দেওয়া হয়নি। আমি তো শুনে এসেছি শুটিংয়ের আগে শিল্পীদের পাণ্ডুলিপি দেওয়া হয়। বারবার চাওয়ার পরও পাণ্ডুলিপি পাইনি।
ফাহমি ভাই জানালেন শুটিংয়ের সময় দেওয়া হবে।
প্রথম কাজ ক্যামেরার সামনে দাঁড়াব। কী আমার চরিত্র, কীভাবে চরিত্রটি করতে হবে—কিছুই জানি না। খুব চিন্তায় পড়ে গেলাম। আগের রাতে নাটকের পোশাক গুছিয়ে রাখলাম। কিন্তু মাথা থেকে দুশ্চিন্তা যায় না। সেদিন একটু আগেই ঘুমাতে যাই।
প্রথম শুটিং ছিল ধানমন্ডিতে। পরদিন সকালে স্পটে যাই। নতুন পরিবেশ। ফাহমি ভাই কাজ শুরু করার আগে একটু সময় নিয়ে আমার চরিত্রটি বুঝিয়ে দিলেন। প্রথম দৃশ্য ছিল মাহফুজ আহমেদের সঙ্গে। দৃশ্য ধারণের সব প্রস্তুতি চূড়ান্ত।
পরিচালক বললেন, ‘চলেন আমরা কাজ শুরু করি।’
তা শুনেই কিছুটা ভয় পেয়ে যাই। ধীরে ধীরে ক্যামেরার সামনে গিয়ে দাঁড়ালাম। মাহফুজ ভাই সাহস দিলেন। দৃশ্যটি ছোট ছিল। মজার ব্যাপার হলো, সেদিন প্রথম শটেই দৃশ্যটি ওকে হয়।
অনুলিখন: শফিক আল মামুন