প্রথম শুটিংয়ের আগের রাতে ঘুমাতে পারিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারাহ রুমা। টেলিভিশনের পরিচিত মুখ। অভিনয় করছেন বেশ কয়েকটি নাটকে। আজ একুশে টেলিভিশনে প্রচারিত হবে তাঁর অভিনীত চার কন্যা নাটকটি।

অভিনয়শিল্পী হলাম...

১৯৯৭ সালে ‘লাক্স-আনন্দ বিচিত্রা মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করি। ২০০২ সালে অভিনয় করি আনিসুল হকের রচনায় ও আফজাল হোসেনের পরিচালনায়সাঁকো টেলিছবিতে। এরপর আবার দুই বছরের বিরতি। ২০০৪ সালে অভিনয় করি রবীন্দ্রজয়ন্তীতে শুভদৃষ্টি নাটকে। এভাবেই অভিনয়ের সঙ্গে জড়িয়ে গেলাম।  

অভিনয়শিল্পী না হলে...

অভিনয়শিল্পী না হলে পরিবারের চাপে হয়তো চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হতো।

অভিনয়ের প্রথম দিন...

মডেলিংয়ে যুক্ত থাকার কারণে ২০০২ সালে প্রায়ই আফজাল ভাইয়ের অফিসে যেতে হতো। একদিন তাঁর অফিসেই সাঁকো টেলিছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। জীবনের প্রথম অভিনয়। তাও আবার আফজাল হোসেনের মতো বড় মাপের মানুষ, আর টেলিছবিটি লিখেছিলেন আনিসুল হক! এসব ভাবতে ভাবতে শুটিংয়ের আগের রাতে ঘুমাতে পারিনি।

যাঁর অভিনয় আমাকে মুগ্ধ করে...

অনেকেরই অভিনয় আমাকে মুগ্ধ করে। তাঁদের মধ্যে দেশে আছেন সুবর্ণা মুস্তাফা ও প্রয়াত হুমায়ুন ফরীদি। আর দেশের বাইরে উইল স্মিথের অভিনয় আমার অসম্ভব ভালো লাগে।

আমার অবসর...

এখন তো মাসের প্রায় প্রতিদিনই শুটিং করতে হয়। তবে যেদিন শুটিং থাকে না, সেদিন আরও বেশি ব্যস্ত থাকতে হয়। তবে অবসরে প্রিয় মানুষদের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে। ভ্রমণ আমার কাছে নেশার মতো। এ ছাড়া গান শুনতে এবং ছবি দেখতে খুব ভালো লাগে।

বিয়ের বাদ্য বাজবে যেদিন...

আমার পছন্দের একজন মানুষ আছেন। তিনি এখন দেশের বাইরে। নাটকের কাজ গুছিয়ে আনার পর আমরা বিয়ে করব ঠিক করেছি। সেটা এ বছরও হতে পারে, আবার আগামী বছরেও হতে পারে।

‘চার কন্যা’...

চার কন্যা দেবাশীষ বড়ুয়া পরিচালিত ধারাবাহিক নাটক। এখানে আমি চার কন্যার মধ্যে মেজো। নাটকে আমাদের বাবার ইচ্ছা থাকে মেয়েদের বিয়ের পর জামাইদের নিজের বাড়িতে রেখে দেবেন। কিন্তু বিষয়টাতে আমার বেশ আপত্তি। সিদ্ধান্ত নিই পালিয়ে গিয়ে বিয়ে করব। এরপর ঘটবে অন্য ঘটনা...।  

এখনকার ব্যস্ততা...

ঈদের নাটকে অভিনয়ের ব্যস্ততা শুরু হয়ে গেছে। শুটিং শেষ করলাম অনিমেষ আইচের পরিচালনায় ছাপ-এর। এতে আমি মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করেছি। শিগগিরই গিয়াসউদ্দিন সেলিমসহ আরও বেশ কয়েকজন নির্মাতার ঈদের নাটকের শুটিং করব।