প্রথম সন্তান কোলে নিয়ে আবেগাপ্লুত শাকিরা
কলম্বীয় পপ গায়িকা শাকিরা ২২ জানুয়ারি রাতে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। সম্প্রতি শাকিরার মা নিদিয়া রিপল জানিয়েছেন, ছেলে মিলানকে প্রথম কোলে নিয়ে শাকিরা নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সে সময় তীব্র আবেগে তাঁর দুই চোখ গড়িয়ে ঝরতে থাকে আনন্দের জলধারা। বার্সেলোনার একটি ক্লিনিকে গত মঙ্গলবার সফল অস্ত্রোপচারের পর ছেলে মিলানকে পৃথিবীতে স্বাগত জানান শাকিরা। মিলানের বাবা জেরার্ড পিকসহ ক্লিনিকে উপস্থিত ছিলেন শাকিরার মা নিদিয়া রিপল ও বাবা উইলিয়াম মুবারক। এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য নিউইয়র্ক মিরর’। মিলান সম্পর্কে নিদিয়া রিপল বলেন, ‘চমত্কার দেখতে হয়েছে মিলান। খুব বেশি কাঁদে না সে।’ বাবা জেরার্ড পিকের সঙ্গে মিলানের চেহারার মিল আছে কি না জানতে চাইলে নিদিয়া বলেন, ‘এখনই সেটা বোঝা যাচ্ছে না।’ আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়া ও শাকিরা তাঁদের ১১ বছরের প্রেমের ইতি টানেন ২০১০ সালে। সে বছরই বয়সে ১০ বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম সাক্ষাত্ হয়। তিনি পরের বছরের মার্চে স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ডের সঙ্গে প্রেমের বিষয়টি প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন ২০১২ সালের সেপ্টেম্বরে।