প্রথম সন্তান প্রত্যাশা করছেন ক্রিস্টেন-প্যাটিনসন!
প্রথম সন্তান প্রত্যাশা করছেন ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট ও তাঁর দীর্ঘদিনের প্রেমিক রবার্ট প্যাটিনসন। সম্প্রতি এক খবরে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ‘ওকে’ ম্যাগাজিন।চলতি মাসে রবার্ট প্যাটিনসন আর ক্রিস্টেন স্টুয়ার্টকে নিয়ে ‘হ্যাঁ, সন্তান প্রত্যাশা করছি আমরা’ শিরোনামে প্রচ্ছদকাহিনি ছাপে ‘ওকে’ ম্যাগাজিন। প্রকাশিত খবরে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে পুনর্মিলনের পর এবার আরেকটি খুশির খবরের জন্ম দিয়েছেন এই জুটি। প্রথম মাতৃত্বের স্বাদ নিতে যাচ্ছেন ক্রিস্টেন। আর প্রথম বাবা হওয়ার অভিজ্ঞতা পেতে যাচ্ছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা প্যাটিনসন। এরই মধ্যে ক্রিস্টেন-প্যাটিনসন অনাগত সন্তান লালনপালনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। যুক্তরাজ্যে থেকেই প্রথম সন্তান প্রতিপালন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এ জন্য তাঁরা স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসেরও পরিকল্পনা করছেন। জানা গেছে, মা হওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান ক্রিস্টেন। সন্তান জন্মের আগে বিয়ের পর্বটি সারার জন্য প্যাটিনসনের কাছে অনুরোধ করছেন ২২ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। প্রসঙ্গত, নির্মাতা রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর ও ছবি প্রকাশিত হওয়ার পর গত জুনে ক্রিস্টেনকে ছেড়ে গিয়েছিলেন প্যাটিনসন। পরে প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে এবং বারবার ক্ষমা চেয়ে শেষ পর্যন্ত প্রেমিক প্যাটিনসনকে ফিরে পান ক্রিস্টেন। রুপার্টের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার খবর ফাঁস হওয়ার আগে পর্যন্ত হলিউডে এক বাড়িতেই থাকতেন ক্রিস্টেন ও প্যাটিনসন। কিন্তু প্রেমিকার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে প্রতারিত হওয়ার পর প্যাটিনসন সেই বাড়ি থেকে চলে গিয়েছিলেন। পরে অনুতপ্ত ক্রিস্টেনের মুখের দিকে তাকিয়ে তাঁকে ক্ষমা করে দেন তিনি। গত সেপ্টেম্বরে সব দ্বন্দ্ব দূরে ঠেলে আবার একে-অন্যের জীবনে ফিরে আসেন পর্দা ও বাস্তবের এ জুটি। এখন তাঁরা লস অ্যাঞ্জেলেসে একসঙ্গে বসবাস করছেন।