প্রথম হলো ‘দেয়াল ভাঙ্গার গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চতুর্থ দেয়াল পত্রিকা উৎসব যথার্থই উৎসবে পরিণত হয়েছিল। নানা আকৃতি আর রঙের ১১০টি দেয়াল পত্রিকা শোভা পাচ্ছে বাংলা একাডেমী চত্বরে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দল বেঁধে এসব পত্রিকা দেখছে। কোনো পত্রিকার বিশেষ কোনো লেখা পছন্দ হলে অন্যদের তা পড়ে শোনাচ্ছে। লেখার বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। এ চিত্র বাংলা একাডেমী চত্বরের দেয়াল পত্রিকা উৎসবের। গত তিন দিন উৎসবকে কেন্দ্র করে এমনি আনন্দঘন পরিবেশ বিরাজ করছিল একাডেমী চত্বরে। বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ আয়োজিত তিন দিনের এই জমজমাট উৎসব শেষ হলো গতকাল রোববার। সকালে ছিল আলোচনা ও পুরস্কার বিতরণী। প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান এবং আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক সানাইয়া ফাহিম আনসারী। সভাপতিত্ব করেন দেয়াল পত্রিকা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন পরিষদের সম্পাদক মোতাহার আখন্দ, জয়পুরহাট দোগাছি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, কুষ্টিয়ার কলকাকলী উচ্চবিদ্যালয়ের শিক্ষক জাফর আহমেদ, ভিকারুননিসা নূন বিদ্যালয়ের শিক্ষক মুবিনা মুস্তাফা। বক্তারা বলেন, ‘দেয়াল পত্রিকা উৎসব একটি শুভ সাংস্কৃতিক উদ্যোগ। দেয়াল পত্রিকাচর্চা শিশুদের প্রগতিশীল মনন গঠনে ও বিজ্ঞানমনস্ক হতে সহায়তা করে। আমরা চাই দেশের প্রতিটি উপজেলায় এ ধরনের উৎসব হোক এবং দেশের সব স্কুল সেসব উৎসবে অংশগ্রহণ করুক।’ দ্বিতীয় পর্বে ১০টি পত্রিকার সম্পাদককে পুরস্কৃত করা হয়। ‘দেয়াল ভাঙ্গার গান’ সম্পাদনার জন্য প্রথম পুরস্কার পেয়েছে কিশোরগঞ্জের আজিম উদ্দিন স্কুলের শিক্ষার্থী সুদীপ্ত শেখর বর্মণ। দ্বিতীয় পুরস্কার পায় সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সায়মুন রেজা। তার পত্রিকার নাম নবারুণ। তৃতীয় পুরস্কার পায় বে নী আ স হ ক লার সম্পাদক আনিকা ইবনাত। সে ভিকারুননিসা নূন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বহুবচনের তিন পয়সার পালা পাড়ার দিলু মাস্তান কী করে ডাকসাইটে রাজনৈতিক নেতায় রূপান্তরিত হলো, সেটিই ছিল তিন পয়সার পালা নাটকের কাহিনি। গতকাল রোববার জাতীয় নাট্যশালা মঞ্চে নাটকটি মঞ্চস্থ করে বহুবচন। বিকেলে যখন নাট্যশালার টিকিট কাউন্টার খোলা হয়, তখন দর্শকের তেমন সমাগম ছিল না। দু-একজন করে আসছিলেন। এভাবেই সন্ধ্যায় যখন অভিনয় শুরু হলো, তখন মিলনায়তন প্রায় পূর্ণ। মূল নাটকটি বের্টোল্ট ব্রেখটের। বাংলায় রূপান্তর করেছেন কামালউদ্দিন নীলু। সমাজের বিভিন্ন অসংগতি ও দুর্নীতির চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। যেখানে দেখানো হয়, মাস্তান থেকে রাজনীতিক হয়ে ওঠা দিলু তার স্বার্থ চরিতার্থ করার জন্য প্রশাসনকে ব্যবহার করছে, এমনকি ভিক্ষুক পর্যন্ত বাদ পড়ছে না তার কবল থেকে। যখন যাকে তার প্রয়োজন, তাকেই সে ব্যবহার করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে মুক্তিযোদ্ধাদের। সমকালীন বাস্তবতার প্রেক্ষাপট চমৎকারভাবে নাটকটিতে উঠে এসেছে। এর নির্দেশনা দিয়েছেন আরহাম আলো।স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বহুবচনই প্রথম ১৯৭২ সালের ৩ জুলাই দর্শনির বিনিময়ে প্রজাপতির লীলালাস্য নাটক মঞ্চস্থ করে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়েছিল। ফরহাদ মজহারের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছিলেন মো. মোতাহার হোসেন। তখন থেকেই মূলত দেশে দর্শনির বিনিময়ে নাটক মঞ্চস্থ হয়ে আসছে। এ দলের আলোচিত নাটক তিন পয়সার পালা। ১৯৮৩ সালে মঞ্চে আসা নাটকটি মাঝে দীর্ঘদিন প্রদর্শন বন্ধ ছিল। সম্প্রতি নতুন আঙ্গিকে নাটকটি মঞ্চে এনেছে বহুবচন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাক আহমেদ, রীনা ম্যাগডলিন, তৌফিকুর রহমান, আকতারি বেগম প্রমুখ। শেষ হলো ছোটকাগজের মেলা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ছোটকাগজের মেলা ও ছোটকাগজ চিহ্ন-এর যুগপূর্তি উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। শহীদুল্লাহ কলাভবনের সামনে আয়োজিত এ মেলায় সারা দেশ থেকে প্রায় অর্ধশত ছোটকাগজ অংশ নেয়। সমাপনী দিন গতকাল সকালে ‘আজকের সাহিত্য: সংকট ও উত্তরণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক জুলফিকার মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আসাদ চৌধুরী, হরিপদ দত্ত, আনোয়ারা সৈয়দ হক, হরিশংকর জলদাস, হোসেনউদ্দীন, সরোজ দেব প্রমুখ। বেলা তিনটায় মেলা প্রাঙ্গণে ছিল কবি-কথাশিল্পী-পাঠক-সম্পাদকদের মুক্ত আড্ডা। বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয় সম্মাননা পর্ব। এতে দেশের সাতটি বিভাগের ছোটকাগজ—ঢাকার ধূলিচিত্র, চট্টগ্রামের সমুজ্জ্বল সুবাতাস, খুলনার পড়শি, বরিশালের আরণ্যক, সিলেটের ভাস্কর, রাজশাহীর দোআঁশ ও রংপুরের শব্দকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া সৃজনশীল সাহিত্যে মুসলমানমঙ্গল গ্রন্থের জন্য জাকির তালুকদার ও মননশীল সাহিত্যে এই ব-দ্বীপের কবিতাকৃতি গ্রন্থের জন্য মামুন মুস্তফাকে সম্মাননা প্রদান করা হয়। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।পঞ্চগড়ে সপ্তাহব্যাপী নাট্যোৎসবপঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে গত শনিবার থেকে একাডেমী মিলনায়তনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্যোৎসব। ২১ জানুয়ারি উৎসব শেষ হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধ শততম জন্মজয়ন্তী উপলক্ষে এই উৎসবকে উৎসর্গ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এই উৎসবের আয়োজন করে। সাংসদ মোজাহারুল হক উৎসবের উদ্বোধন করেন। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একাডেমীর সদস্য-সচিব নুরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। উৎসবে জেলার ১৩টি নাট্যগোষ্ঠী অংশ নিচ্ছে। বিয়ানীবাজারে পথনাটক উৎসববিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি জানান, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের ১৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার পথনাটক উৎসব হয়েছে সরকারি কলেজ শহীদ মিনার পাদদেশে।দুপুরে ছিল শোভাযাত্রা। এরপর নবশিখা নাট্যদল সিলেট মঞ্চায়ন করে নাটক আটকুঁড়ে, তারুণ্য নাট্যগোষ্ঠী বড়লেখা মৌলভীবাজার মঞ্চায়ন করে একজন মুক্তিযোদ্ধার গল্প এবং বিসাক মঞ্চায়ন করে রাজাকারের এক অধ্যায়।‘নাটকে নাটকে উঠুক জ্বলে একাত্তর’ প্রতিপাদ্য নিয়ে ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড (বিসাক)। উৎসবে সংগঠনের পক্ষ থেকে প্রয়াত নাট্যজন প্রমথ নাথ দাস ও মরহুম ইসহাক আলী (মরণোত্তর) এবং কবি ফজলুল হককে ‘বিসাক নাট্যজন পদক’ প্রদানের ঘোষণা করা হয়।