প্রথমবার এক মঞ্চে ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও সায়ান
এক মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও সায়ান। এটিই বাপ (ফেরদৌস ওয়াহিদ), বেটা (হাবিব ওয়াহিদ) ও ভাতিজির (সায়ান) প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একসঙ্গে গান পরিবেশন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন ফেরদৌস ওয়াহিদ। সেটা আবার দেশের মাটিতে নয়, তা-ও আবার অস্ট্রেলিয়ায়। ২৩ মে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও সায়ান। এ সফরে তাঁরা দুটি কনসার্টে গান পরিবেশন করবেন। এর মধ্যে ২৬ মে মেলবোর্ন এবং ৩ জুন সিডনিতে। ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি আর হাবিব একসঙ্গে প্রচুর শো করেছি। তবে ভাতিজি সায়ানকে নিয়ে একসঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের শো করা হয়নি। ফলে আমাদের ওয়াহিদ পরিবারের তিন ধারার তিনজন শিল্পী এবারই প্রথম এক মঞ্চে গান করতে যাচ্ছি। এটা আসলে আমাদের তিনজনের জন্যও অনেক বেশি আনন্দের। আমার বিশ্বাস প্রবাসী বাংলাদেশি শ্রোতারা এবারের কনসার্টে নতুন ধরনের একটা কিছু পেতে যাচ্ছে।’ ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, ‘যেহেতু এটা আমাদের বাপ, বেটা ও ভাতিজির প্রথমবারের মতে একসঙ্গে কোনো মঞ্চে গান করা হবে—তাই এবারের বিদেশ সফরটা একটু নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা করছি। আশা করছি সবার মনে রাখার মতো কিছু হবে এবারের কনসার্ট দুটিতে।’ অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিদের সংগঠন সুরছন্দ ও খেলাঘর এ দুটি কনসার্টের আয়োজক। মেলবোর্ন ও সিডনির কনসার্ট দুটি শেষ করে আগামী ৬ জুন দেশে ফিরবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ও সায়ান। দেশে ফিরেই ফেরদৌস ওয়াহিদ তাঁর পরিচালনায় নির্মিত ‘কুসুমপুরের গল্প’ চলচ্চিত্রের ডাবিং ও সম্পাদনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।