প্রথমবার মা হলেন জেনেট

৫০ বছর বয়সে মা হলেন পপতারকা জ্যানেট জ্যাকসন। ছেলের নাম রাখা হয়েছে এইসা আল মানা। গত মঙ্গলবার জ্যানেটের সন্তান জন্ম দেওয়ার খবর নিশ্চিত করেছেন শিল্পীর এক মুখপাত্র।
নতুন অতিথিকে পেয়ে দারুণ রোমাঞ্চিত শিল্পী জ্যানেট জ্যাকসন ও তাঁর শিল্পপতি স্বামী উইসাম আল মানা। জ্যানেটের মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, স্বাভাবিক প্রসব হয়েছে জ্যানেটের। মা ও সন্তান দুজনই ভালো আছে। সন্তানসম্ভবা হওয়ার পর গত বছরের এপ্রিল মাসে হঠাৎ করেই ‘আনব্রেক্যাবল’ সফর বাতিলের ঘোষণা দেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন এক হঠাৎ পরিবর্তনের কথা। কোনো কোনো সংবাদমাধ্যমে বলেছিলেন, পরিবার পরিকল্পনায় মনোনিবেশ করছেন তিনি। তখনই সবাই জেনে গিয়েছিল ঘটনা। অক্টোবরে তো গর্ভাবস্থার ছবিও প্রকাশ করল পিপল ম্যাগাজিন।
২০১২ সালে কাতারের শিল্পপতি উইসাম আল মানাকে বিয়ে করেন পপতারকা জ্যানেট জ্যাকসন। এর আগে ১৯৮৪ সালে শিল্পী জেমস ডিবার্জ ও ১৯৯১ সালে নৃত্যশিল্পী রেনে এলিজান্ডোকে বিয়ে করেছিলেন প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনের বোন। বিবিসি