প্রথমবারের মতো এমিতে গাইবেন এলটন জন

অ্যাকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস আয়োজিত এ বছরের এমি পুরস্কার অনুষ্ঠানে প্রথমবারের মতো গান গাইবেন প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী স্যার এলটন জন। তিনি মঞ্চে গান গাওয়ার মাধ্যমে শ্রদ্ধা জানাবেন প্রখ্যাত মার্কিন পিয়ানোবাদক ও সংগীতশিল্পী ভ্যালেন্টিনো লিবারেসকে।
এইচবিও টিভি চ্যানেলের জন্য নির্মিত লিবারেসের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’ ১৫টি বিভাগে এমি মনোনয়ন পেয়েছে। ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন হলিউডের প্রখ্যাত অভিনেতা মাইকেল ডগলাস। অন্যান্য চরিত্রে আছেন ম্যাট ডেমন, ডেবি রেনল্ডস, বয়েড হলব্রুক প্রমুখ।
স্টিভেন সডারবার্গ পরিচালিত ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাব্রা’ মুক্তি পেয়েছে গত মে মাসে। ছবিটিতে অভিনয়ের কল্যাণে এমির ‘মিনি সিরিজ অর মুভি’ বিভাগে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন মাইকেল ডগলাস ও ম্যাট ডেমন। এক খবরে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা।
প্রসঙ্গত, এ বছর এমি পুরস্কারের আসর বসছে ২২ সেপ্টেম্বর।