প্রথমবারের মতো নাটকের গানে
কিছুদিন আগে ‘গহীনে শব্দ’ নামে একটি সিনেমার গান করেছিলেন হায়দার হোসেন। এবার নাটকের জন্য গান করলেন তিনি। তাও একটি নয়, একসঙ্গে দুটি ধারাবহিকের সূচনাসংগীত করেছেন। এগুলোর একটি হচ্ছে সাইফুল ইসলাম মান্নুর ‘অজানা গন্তব্যে’, অন্যটি শিমুল সরকারের পরিচালনায় ‘ডাইরেক্টর’।‘জানি কি জীবন নদী, হারায়ে পথ যদি/কোন বালুচরে গিয়ে পড়বে, পথচলা অবিরাম/কিবা ডান কিবা বাম, অজানা গন্তব্যে—এমনি একটি গানের কথায় কণ্ঠ দিয়েছেন হায়দার হোসেন। আর তাঁর গাওয়া ‘ডাইরেক্টর’ নাটকের সূচনাসংগীতটি হলো, ‘স্বপ্ন দেখে স্বপ্ন পাগল, স্বপ্নে বোনে বাসা/স্বপ্নে চলে ভাঙাগড়া, স্বপ্নে যত আশা।’ এই গানটির কথা ও সুর হায়দারের নিজের। অজানা গন্তব্যে নাটকের সূচনাসংগীতের কাজ এরই মধ্যে শেষ হলেও ‘ডাইরেক্টর’ নাটকের কাজটি দু-একদিনের মধ্যে চূড়ান্ত হবে।নাটকের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আলাদা তেমন কিছু মনে হয় না। তবে অ্যালবামের গানগুলোর চেয়ে একটু ছোট করতে হয়। নাটকের কাজ করতে আরেকটা মুশকিল হলো, এর চিত্রনাট্যটা আমাকে পড়তে হয় এই আর কি। আমি মনে করি, যদি চিত্রনাট্যটা না পড়া হয়, তাহলে নাটকের উদ্দেশ্য কী বা বক্তব্যটা কী সেটা সূচনাসংগীতের মাধ্যমে উঠে আসবে না। এসব ঝামেলার জন্য আমি নাটকের কাজ খুব একটা করতে চাই না। কারণ নাটকের কাজে খাটা-খাটুনিটা একটু বেশি করতে হয় বলে আমার মনে হয়।’