প্রথমার বইমেলা শুরু হচ্ছে আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার বিকেল চারটায় প্রথমা প্রকাশনের আট দিনব্যাপী একক বইমেলা শুরু হচ্ছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে আয়োজিত এ বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। বক্তব্য দেবেন কথাশিল্পী সেলিনা হোসেন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক আলম তালুকদার ও কথাশিল্পী আনিসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমার লেখক, সম্পাদক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিন মেলায় গ্রন্থানুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে ৩০ থেকে ৫০ শতাংশ কমিশনে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি এবং ভারতীয় বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে শতকরা ৫০ থেকে ৭০ ভাগ কমিশনে। শুক্রবার ছাড়া প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।
উল্লেখ্য, মেলায় প্রথমার কয়েকটি নতুন বই প্রকাশিত হবে। উদ্বোধনী দিনেই বিকেলে মেলায় আসবে রকিব হাসানের ‘গোয়েন্দা কিশোর-মুসা-রবিন সিরিজে’র তৃতীয় বই গোল্ডেন বাইক রহস্য।

আজ লোকগানের আসর
বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক অনুষ্ঠানে এবারের দল ‘বাঁশুরিয়া’। আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যশালা মিলনায়তনে সন্ধ্যা সাতটায় বাঁশুরিয়া পরিবেশন করবে লোকগান নিয়ে ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ শীর্ষক গীতি আলেখ্য। অনুষ্ঠানটির সহযোগিতা করছে প্রথম আলো।