প্রথমার বইমেলায় ক্রেতার ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেলা’ শব্দটা শুনলে যে দৃশ্যটি মনে পড়ে, ঠিক সেই রকমই পরিবেশ দেখা গেল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার সেমিনার কক্ষে গিয়ে। প্রথমা প্রকাশনের বইমেলার আয়োজন চলছে সেখানে। গতকাল দুপুরে দেখা গেল নানা বয়সের মানুষের দারুণ ভিড়। সারা ঘরে টেবিল পেতে বই সাজিয়ে রাখা। গ্রন্থানুরাগীরা যাচাই-বাছাই করে দেখছেন। কিনছেন পছন্দের বইটি। গত বুধবার বিকেলে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের প্রথম একক বইমেলা। গতকাল বৃহস্পতিবার ছিল মেলার দ্বিতীয় দিন। মেলায় গিয়ে দেখা গেল, পাঠকের মাঝে বেশ সাড়া ফেলেছে। সপ্তাহব্যাপী এ বইমেলা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। শুক্রবার বন্ধ।২০০৯ সালে একাত্তরের চিঠি বইটি প্রকাশের মধ্য দিয়ে প্রথমা প্রকাশনের যাত্রা শুরু। এ পর্যন্ত তারা বিভিন্ন বিষয়ের ১২০টি বই প্রকাশ করেছে। মেলাকক্ষের ঠিক মাঝখানে লম্বা টেবিলে সাজানো হয়েছে প্রথমা প্রকাশন থেকে বাজারে আসা সেসব বই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একাধিক বইসহ রবীন্দ্রনাথকে নিয়ে বেশ কিছু বই, দেশের প্রথিতযশা লেখকের উপন্যাস, গল্প, কবিতার পাশাপাশি রান্না কিংবা রূপচর্চারও বইয়ের অপূর্ব সমাহার রয়েছে এখানে। মেলা উপলক্ষে নতুন বই বাজারে আসারও সুখবর দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।মেলাকক্ষের চারপাশে টেবিলে সাজানো রয়েছে কিছু দুর্লভ নতুন-পুরোনো দেশি-বিদেশি বই। প্রথমা বইয়ের দুনিয়ার ভান্ডার থেকে তুলে আনা হয়েছে দেশি ও বিদেশি নানা পুরোনো বই, পত্রপত্রিকা ও ছোট কাগজের নানা সংস্করণ। নতুন বইয়ের পাশাপাশি পুরোনো বইয়ের প্রতিও অনেক পাঠকের আগ্রহ দেখা গেছে।মেলায় আসা পুরান ঢাকার তৌহিদুল ইসলাম বলেন, ‘প্রথমা প্রকাশন নামটার সঙ্গে আমি পরিচিত। ব্যক্তিগত কাজে শাহবাগে এসেছি। এখানে প্রথমার বইমেলার ব্যানার দেখে মেলায় এলাম। আমার পছন্দের বেশ কয়টি বই বিশেষ মূল্যছাড়ে কিনতে পেয়ে খুবই ভালো লাগছে।’ ব্যাংক কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ‘প্রথমার কিছু বই কেনার পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। বিশেষ ছাড়ের খবর পেয়ে সুযোগটা নিতে অফিসে মধ্যাহ্ন বিরতির ফাঁকে চলে এসেছি। আমার সাধ এবং সাধ্যের অপূর্ব মিলন ঘটেছে এখানে।’ প্রথমা প্রকাশনের বিপণন ব্যবস্থাপক নীলাদ্রি ঘোষ জানান, এটাই প্রথমা প্রকাশনের প্রথম একক বইমেলা। বই সহজলভ্য ও বিশেষ মূল্যছাড়ে পাঠকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এ মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বই বিক্রি হচ্ছে।