প্রথমার বইমেলায় তিনটি নতুন বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশনের বইমেলা। নানা বয়সের গ্রন্থানুরাগীদের ভিড় সেখানে। কেউ কেউ হাতে করে বইয়ের তালিকা নিয়ে এসেছেন। তালিকা দেখে ব্যাগ ভর্তি বই কিনে ফিরছেন বাড়ি।এ মেলায় গতকাল রোববার তিনটি নতুন বই এনেছে প্রথমা। বই তিনটি হলো: শেখ আবদুল হাকিমের ভৌতিক উপন্যাস দেখা হবে কবরে, রকিব হাসানের গোয়েন্দা কাহিনি রহস্যের দ্বীপ এবং জাফর আলম অনূদিত কৃষণ চন্দরের তেতাল্লিশের মন্বন্তর নিয়ে লেখা বিখ্যাত উপন্যাসিকা অন্নদাতা। বইটি উর্দু থেকে অনূদিত। মেলা কক্ষের চারপাশে টেবিলে সাজানো রয়েছে নানা দেশি ও ভারতীয় পুরোনো বই, পত্রপত্রিকা ও ছোট কাগজের নানা সংস্করণ। প্রথমা বইয়ের দুনিয়ার ভান্ডার থেকে আনা হয়েছে এসব বই। নতুন বইয়ের যেমন আগ্রহ আছে পাঠকের, তেমনি পুরোনো বইয়ের ব্যাপারেও অনেক পাঠকের আগ্রহ স্পষ্ট। গতকাল দুপুরে এ দৃশ্য দেখা গেছে প্রথমা প্রকাশনের একক বইমেলায়। বইমেলায় গতকাল রোববারও ছিল বইপ্রেমীদের দারুণ ভিড়। শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির দ্বিতীয় তলার সেমিনার কক্ষে এই বইমেলা শুরু হয় ১২ সেপ্টেম্বর। মেলায় প্রথমা প্রকাশনের বই বিক্রি হচ্ছে ৩০ শতাংশ কমিশনে। এ ছাড়া প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি এবং ভারতীয় বই, সাময়িকী ও ছোট কাগজ (লিটল ম্যাগাজিন) বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ শতাংশ কমিশনে।কাল মঙ্গলবার মেলা শেষ হচ্ছে। ১০টা থেকে রাত আটটা পর্যন্ত বইমেলা খোলা থাকছে।ফেরদৌসী মজুমদারকে সম্মাননা প্রদাননিজস্ব প্রতিবদক, চট্টগ্রাম জানান, অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী নাট্য উৎসবে ‘সদরুল পাশা স্মারক’-এ ভূষিত করা হয়েছে বরেণ্য নাট্যজন অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে। গতকাল রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত অরিন্দম নাট্য সম্প্রদায়ের অনুষ্ঠানের সমাপনী দিনে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী, নাট্যাভিনেতা প্রয়াত সদরুল পাশার ছোট বোন জসিকা ইরফান, অরিন্দম নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি শিশির দত্ত ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে ফেরদৌসী মজুমদারকে উত্তরীয় পরিয়ে দেন নাট্য সংগঠনটির সদস্য আহমেদ নেওয়াজ এবং ‘সদরুল পাশা স্মারক’ পদক দেন সুব্রত বড়ুয়া। ফেরদৌসী মজুমদার বলেন, ‘পুরস্কার পাওয়াটা সবার জন্য সুখময়। বেঁচে থাকাটা সার্থক মনে হয়। বড় ইচ্ছে ছিল সদরুল পাশার সঙ্গে অভিনয় করার। তাঁর অকালে চলে যাওয়ায় আর হলো না।’ ফেরদৌসী মজুমদার চট্টগ্রামের নাট্যকর্মীদের সাদরুল পাশার মতো নাট্যপ্রীতি ও অভিনয়ের প্রতি নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান। যোগ্য নাট্যশিল্পীদের এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মরণে রাখার কথা বলেন।কলকাতায় ‘সাউন্ড অব পিস’-এর সুরের মূর্ছনাকলকাতা প্রতিনিধি জানিয়েছেন, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে শান্তির বারতা পৌঁছে দেওয়ার জন্য শনিবার সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো সাউন্ড অব পিসের সংগীতানুষ্ঠান। তিন দেশের ব্যান্ডশিল্পীদের সুরের ঝংকারে মুখরিত হলো নজরুল মঞ্চ। কলকাতার যুক্তরাষ্ট্রের কনস্যুলেট অফিসের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।শনিবারের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের চারটি ব্যান্ড অংশ নেয়। বাংলাদেশ থেকে এসেছে এলআরবি আর পাকিস্তান থেকে এসেছে রেত। ভারতের ছিল দুটি দল—সুরজ জগন অ্যান্ড ব্যান্ড ও লক্ষ্মীছাড়া।