
যোগ, বিচ্ছেদ এবং পুনর্মিলনের বীজ ভাবনায় আশিকী সিনেমার গল্পে উপাদান হিসেবে যোগ হয়েছে ইংল্যান্ডের লন্ডন ও স্কটল্যান্ডের নগর-সৌন্দর্য। গল্পের আঙ্গিক বৈশিষ্ট্যে ধৃত হয়েছে ভারতীয় পরিবারের ছেলেমেয়ে যারা উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে হোটেল, রেস্তোরাঁয়, রেলস্টেশনে প্রেমখেলায় সময় কাটায়। আশিকী একজোড়া যুবক, এক কুমারী, যুবতীর প্রেম ও জৈবতৃষ্ণার উপভোগ্য সিনেমা।
গল্পটি যেমন: হলিডে ট্যুরে গিয়ে রাহুল (অংকুশ) শ্রুতি (নুসরাত ফারিয়া) দৈবদুর্ঘটনায় প্রেমে পড়ে। প্রেমের বাধা হয়ে দাঁড়ায় শ্রুতির বড় ভাই অজয়। গল্পটি চিত্রনাট্যের ‘থ্রি অ্যাক্ট ন্যারেটিভ’ বর্ণন আঙ্গিকে গঠিত। অজয়ের চরিত্রভাবে প্রশ্ন জুড়ে গল্পে বিরতি ঘোষিত হয়। বিরতির পর দর্শককে মুগ্ধ রাখতে রাহুলের বোনের (মৌসুমী) সঙ্গে অজয়ের সময়ে-অসময়ে মানসিক সংঘর্ষের দৃশ্য আসে, মৌসুমীর ভাই রাহুল আর অজয়ের বোন শ্রুতির সঙ্গে প্রেমের পাস-ফেল নম্বর নিয়ে এগিয়ে যায়। গল্পটিকে সমাপ্তি অভিমুখে পৌঁছে দিতে অজয়ের বাবা-মা ভারত থেকে লন্ডনে আসে। বেশ কিছু কৌতুক ও উপভোগ্য রহস্য দৃশ্যের মাঝ দিয়ে গল্পটি নায়ক-নায়িকার ভাবমূলক দাবি থেকে অজয়ের বাবা বোধমূলক প্রাপ্তির দিকে নিয়ে যায়। অজয়ের বাবার নাট্য রসানুভূতিমূলক দৃশ্য বেশ উপভোগ্য।
অবশেষে রাহুল-শ্রুতির প্রেমের বিজয়। অপরাধী ছেলে অজয়ের সঙ্গে বাবা ও মায়ের মহামিলন ঘটিয়ে পরিচালকদ্বয় প্রমাণ করলেন, সিনেমা শুধু সাংস্কৃতিক উপভোগ্য বিষয়।
বাঙালি নারী অংশত ক্ষিপ্র বহুলাংশে লাবণ্যময় ও সুস্থ যৌন আবেদনের সঞ্চারিত শক্তি। এই সত্য প্রমাণে নুসরাত ফারিয়া অথবা মৌসুমীকে পর্দায় আনা হয়েছে। ওই দুই নারী চরিত্রের দেহসাজ ও অভিনয়কলা বাস্তবসম্মত। ফারিয়ার আন্ডার টোন অভিনয় এ দেশে নায়িকা-সংকট তপ্তকালে বৃষ্টিবিন্দুর শীতলতা। অংকুশ ও অজয় (চরিত্র নাম) প্রাণবন্ত।
* পরিচালক সর্বদা ভাবেন বস্তুজগতের সব সৌন্দর্য একটি সিনেমাতেই উপহার দেবেন। কিন্তু চিত্রগ্রাহক দাবি করেন, দৃশ্যের নাটকীয় ও নান্দনিক দাবি মেটাতে কতটুকু গ্রহণ করা যায়। চিত্রগ্রাহকদ্বয়ের এই বোঝাপড়ায় আশিকীর দৃশ্য গঠন যথাযথ।
* গীতদৃশ্যে শিল্পীদের অঙ্গমুদ্রার বর্ণনাত্মক ভঙ্গি সুসামঞ্জস্য। প্রতিটি গীতপূর্ব দৃশ্য যুক্তিসংগত কখনো উপভোগ্য।
* চরিত্রের সঙ্গে পোশাক সম্পূরক। তবে অজয়ের সঙ্গে মল্লযুদ্ধে আহত রাহুলের ক্ষতচিহ্নগুলো আরোপিত অঙ্গসাজ।
* ক্যামেরার অহেতুক কারিগরি কৌশলগতি থেকে আশিকী ভারমুক্ত।
* ‘বৃষ্টিভেজা সকাল’সহ প্রতিটি গানের গীতসংলাপ শ্রুতিমধুর। তবে ‘টোপর মাথায় দিয়ে’ গীতটিতে দর্শকদের প্রতিক্রিয়া ছিল উসখুস।
* শব্দ ও সংগীতের মতো সিনেমায় নীরবতাও গুরুত্বপূর্ণ বিষয়। রাহুল ও শ্রুতির চুম্বনপূর্ব দৃশ্যে ক্লোজড শটে নীরবতা উভয়ের স্পটে যোগসূত্রের নির্মাণ।
* অজয়কে উদ্ধার করতে রাহুলের গাড়ি চালিয়ে আসা ইন্টারকাট রীতিতে গড়ে তোলা দৃশ্যটি সম্পাদকের মস্তিষ্ক–প্রসূত করতে বাসনা। তবে স্টিম ইঞ্জিন ট্রেনের আগুয়ান গতিময় শটের সঙ্গে কম্পার্টমেন্ট দৃশ্যের স্টোটিক শটগুলোর সংযোগ ধারাবাহিকতা বিভ্রাট ঘটায়।
যৌথ দেশের যৌথ মেধাশ্রমে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে নির্মিত আশিকী প্রথাবদ্ধ প্রেম কাহিনির চর্বিতচর্বণ। দর্শকের দৃষ্টিতে সময় কাটানো সিনেমা খোলা। এম এ আজিজ ও অশোকপতি পরিচালকদ্বয়ের ‘হিস্টরি রিপিট’।